সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় ভূমি সহকারী কর্মকর্তা নিহত

নারায়ণগঞ্জের আড়াইহাজারে কর্মস্থলে যাওয়ার পথে সোনারগাঁয়ে সড়ক দুর্ঘটনায় মো. আনোয়ার হোসেন নামে এক ভূমি সহকারী কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) সকালে মদনপুর-আড়াইহাজার সড়কের সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরটেক বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ সদর উপজেলার মাসদাইর এলাকার বাসিন্দা ছিলেন। তিনি বর্তমানে আড়াইহাজার পৌরসভায় দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি সোনারগাঁ উপজেলার জামপুর ইউনিয়ন ভূমি অফিসে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কর্মস্থলে যাওয়ার পথে মিরেরটেক বাজার সংলগ্ন এলাকায় তিনি সড়ক দুর্ঘটনার শিকার হন। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

Link copied!