কিশোরগঞ্জের ভৈরবে একই পরিবারের ৪ নারীসহ ৫ জনকে আটক করেছে স্থানীয়রা। আটককৃতরা হলো পৌর শহরের পঞ্চবটী পুকুরপাড় এলাকার রমজান মিয়ার মেয়ে বকুলি বেগম (৩৮), কাকলি বেগম (৩২), চম্পা বেগম (২৫), ও বকুলি বেগমের মেয়ে বীথি বেগম (১৯)সহ আরো এক মাদক কারবারি ধন মিয়া (৬৫)। আজ ১৫ মে শুক্রবার দুপুর আড়াইটার সময় পঞ্চবটি পুকুরপাড় এলাকার উল্লিখিতদের নিজ বসত ঘর থেকে আটক করা হয়েছে। এ সময় আটককৃতদের নিজ হেফাজতে রাখা ইয়াবা ও হিরোইন উদ্ধার করে পুলিশের হাতে সোপর্দ করে স্থানীয়রা। আটককৃত ৪ নারী সম্পর্কে মৃত রমজান মিয়ের ৩ মেয়ে বকুলি, কাকলি ও চম্পা, আপন ৩ বোন এবং বকুলি বেগমের মেয়ে বীথি বেগম।
জানা যায়, ৩ নং ওয়ার্ড বিএনপি,র সভাপতি ওমর মোহাম্মদ অপুর নেতৃত্বে এলাকার যুব সমাজ উল্লিখিত মাদক কারবারিদের বাড়িতে অভিযান চালায়। অভিযানে, বকুলি বেগমের নিজ হেফাজতে রাখা ১৫০ পিস ইয়াবা ও ধন মিয়ার বসত ঘর থেকে ৪টি ধারালো অস্ত্র ও ২ শ পিস হেরোইনের পুড়িয়া উদ্ধার করা হয়। পরে থানায় খবর দিলে এসআই আল মোমেন সঙীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে আটককৃতদেরকে থানায় নিয়ে যায়।
ওমর মোহাম্মদ অপু বলেন, পুকুরপাড় এলাকাটি একটি মাদকের আখড়ায় পরিণত হয়েছে। কিছুসংখ্যক শীর্ষ মাদক কারবারিদের জন্য এলাকাটি এখন মাদক পল্লি হিসেবে পরিচিতি পেয়েছে, যা আমাদের সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। বাহির এলাকাতে নিজের এলাকার পরিচয় দিতে গিয়েও লজ্জায় পড়তে হয়। এমনকি বিয়ে শাদির মতো আত্মীয়তা করতে গেলেও এলাকার নাম শোনে কেউ আত্মীয়তাও করতে চায়না। মাদকের জন্য এলাকার যুব সমাজ আজ ধ্বংসের পথে। এলাকাটিতে সুন্দর ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আমাদের যুব সমাজের উদ্যোগ নিয়েছে। এরই অংশ হিসেবে আজ আমরা একই পরিবারের ৪ নারীসহ ৫ জন মাদক কারবারিকে মাদকদ্রব্য সহ আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছি। এলাকাটি মাদক মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের যুব সমাজের পক্ষ থেকে মাদক কারবারিদের বিরুদ্ধে অভিযান চলতে থাকবে।
এ বিষয়ে আটককৃতদের নাম ঠিকানা জানতে চাইলে এস আই আল মোমেন বলেন, সাংবাদিকদের তথ্য দিতে আমি বাধ্য নই।
আপনার মতামত লিখুন :