ফুলবাড়ীয়ায় সড়ক পাকাকরণ কাজের উদ্বোধনে অধ্যক্ষ কামরুল হাসান মিলন এমপি

মুবারক হোসাইন , ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ১২:৫৯ পিএম

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার এনায়েতপুর ইউনিয়নের শুশুতি থেকে গোপিনাথপুর সড়কের পাকা করণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন ফুলবাড়ীয়া আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন। 

রবিবার (১৭ মে) সড়কের ডোবারপাড় এলাকার পাকা রাস্তার মাথায় এ উপলক্ষে আনুষ্ঠানিক ফলক উন্মোচন করে মুনাজাতে অংশ নেন তিনি। 

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাস্তাটি বেহাল অবস্থায় থাকার কারণে বর্ষাকালে একদম চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। কৃষিতে সমৃদ্ধ এ অঞ্চলের উৎপাদিত পণ্য বাজারজাত করা কষ্টসাধ্য হয়ে যায়। 

নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হওয়ার আশা প্রকাশ করে জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ কামরুল হাসান মিলন সড়ক নির্মাণে শতভাগ মান সংরক্ষণের কথা জানান। বলেন, সরকারের সহযোগিতায় সারা ফুলবাড়ীয়ার যাতায়াত ব্যবস্থা উপযোগী হিসেবে গড়ে তুলা হবে। 

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জোবায়ের হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী এসএম শাহজাহান, ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ। 

জানা গেছে, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের বাস্তবায়নে ৭২ লাখ ৪৩ হাজার ৩ শত ৮৩ টাকার প্রাক্কলিত ব্যয়ে সড়কটির ৬০০ মিটার পাকাকরণ কাজ করা হবে। 

 

Advertisement

Link copied!