বিজিবির অভিযানে হালুয়াঘাট ও ঝিনাইগাতীতে বিপুল পরিমাণ ভারতীয় মদ আটক

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ মে, ২০২৬, ০১:১২ পিএম

মোঃ বিল্লাল হোসেন মানিক: ময়মনসিংহ ও শেরপুর সীমান্ত এলাকায় পৃথক অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মদ জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)। শনিবার (১৭ মে) গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে মোট ৩৯৩ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় মদ আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য ৫ লাখ ৮৯ হাজার ৫০০ টাকা।

বিজিবি সূত্র জানায়, ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার কুচপাড়া এবং শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার সন্ধ্যাকুড়া মেডামবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় মদ বাংলাদেশে পাচারের চেষ্টা করা হচ্ছিল। এমন তথ্যের ভিত্তিতে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর টহল দল পৃথক দুটি অভিযান পরিচালনা করে এসব মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান এবং অবৈধ অনুপ্রবেশ রোধে তারা জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। সীমান্ত নিরাপত্তা ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় ময়মনসিংহ ব্যাটালিয়ন দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করে যাচ্ছে।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এর অধিনায়ক বলেন, সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Advertisement

Link copied!