ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে সোমবার (১৮ মে) বিভাগীয় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার মিজ্ ফারহা শাম্মী।
সভায় উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আতাউল কিবরিয়াসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের প্রতিনিধি এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
সভায় বিভাগের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বিশেষ করে অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা জোরদারের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা মতামত তুলে ধরেন।
এসময় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, পুলিশ ও সংশ্লিষ্ট দপ্তরসমূহকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং মাঠপর্যায়ে নজরদারি বাড়ানোরও আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার মিজ্ ফারহা শাম্মী বলেন, জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন সর্বদা সচেষ্ট রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকল সংস্থার মধ্যে আরও কার্যকর সমন্বয় ও দায়িত্বশীল ভূমিকা পালন জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
আপনার মতামত লিখুন :