ফেসবুক মেসেঞ্জারে অশ্লীল প্রস্তাব, টাকা দাবি, ব্ল্যাকমেইলিং এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি ব্যবহার করে মানহানিকর অপপ্রচারের অভিযোগে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।
গত ১৯ মে ময়মনসিংহের বিজ্ঞ সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলাটি দায়ের করেন সাংবাদিক শিউলী রেখা (৩৪) নামের এক নারী। তিনি ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার কালিপুর মধ্যম তরফ এলাকার বাসিন্দা।
মামলার অভিযুক্ত আসামি মোঃ সোহেল রানা (৪২)। তিনি ময়মনসিংহ সদরের সানাদিয়া এলাকার (০৪ নং পরানগঞ্জ ইউনিয়ন) হোসেন আলীর ছেলে।
মামলার অভিযোগে যা জানা গেছে, মামলার আরজিতে উল্লেখ করা হয়, বাদী ও আসামি পূর্বপরিচিত। দীর্ঘদিন ধরে সোহেল রানা বিভিন্নভাবে বাদীকে কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। বাদী এতে রাজি না হওয়ায় আসামি ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে তার কাছে টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে বিভিন্ন অশ্লীল কথাবার্তা ও ছবি পাঠিয়ে তাকে মানসিকভাবে হয়রানি করতে থাকেন।
আরও অভিযোগ করা হয়, গত ০৮ এপ্রিল ২০২৬ থেকে ০৯ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে আসামি তার ব্যবহৃত ফেসবুক আইডি “Md Shohel Press” এবং নির্দিষ্ট কয়েকটি ফেসবুক লিংকের মাধ্যমে বাদীর ছবি ও আপত্তিকর ভিডিওচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেন। সেখানে ‘সাংবাদিক শিউলী রেখা’, ‘ইয়াবা কারবারি রেখা’সহ বিভিন্ন মিথ্যা, কুরুচিপূর্ণ ও মানহানিকর ক্যাপশন ব্যবহার করে পোস্ট করা হয়, যা বাদীর সামাজিক মর্যাদাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
মামলার আরজিতে আরও বলা হয়, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাক্ষীদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করায় মামলা দায়েরে কিছুটা বিলম্ব হয়েছে। মামলায় সেলিম সাজ্জাদ, বিল্লাল হোসেন মানিক ও মোঃ জামাল উদ্দিনসহ কয়েকজনকে সাক্ষী করা হয়েছে।
বাদীপক্ষের আইনজীবী মাহমুদা আক্তার জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশের ২২(২) ও ২৫(২) ধারায় আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলার নম্বর- ৩৪/২০২৬।
আপনার মতামত লিখুন :