সিরাজগঞ্জের সলঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বিটুমিনবাহী ট্রাক, নিহত ১

সিরাজগঞ্জের সলঙ্গায় উত্তপ্ত বিটুমিনবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে ঢাকা-বগুড়া মহাসড়কের দাদপুর সাহেবগঞ্জ আন্ডারপাস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফুয়ারা খাতুন (৫০) উপজেলার দাদপুর সাহেবগঞ্জ মহ্যৎপাড়া গ্রামের বাসিন্দা। তিনি কোবাদ আলীর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকাগামী সড়ক দিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল বিটুমিনবোঝাই একটি ট্রাক। আন্ডারপাসের মূল সড়ক ব্যবহার না করে পাশের বিকল্প সড়ক দিয়ে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি উল্টে যায়। এ সময় রাস্তার পাশে হেঁটে যাওয়া ফুয়ারা খাতুন ট্রাকের নিচে চাপা পড়েন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে হাটিকুমরুল হাইওয়ে থানা-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

Link copied!