যুক্তি, বাগ্মিতা ও নেতৃত্ব বিকাশের প্রত্যয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার সোনাহার বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে দুই দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে চতুর্থ এসডিএস ডিবেট ফেস্টিভাল ও ওয়ার্কশপ–২০২৬। শনিবার (২৩ মে) সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় এ আয়োজন।
উৎসবের দ্বিতীয় দিনেও উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় ২৭০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশ।
সোনাহার বিতর্ক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ উৎসবে সার্বিক সহযোগিতা ও তত্ত্বাবধানে ছিল ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশ (এনডিএফ বিডি), স্টুডেন্ট ফোর্স বিডি এবং গোল্ডেন রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড মডেল মাদ্রাসা।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনাহার বিতর্ক পরিষদের প্রধান উপদেষ্টা ও সোনাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাজ্জাক দুলাল।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন এনডিএফ বিডির জয়েন্ট সেক্রেটারি নাহিদুর রহমান দুর্জয়, বাংলাদেশ বেতারের সংবাদ পাঠক ও জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন বিতার্কিক জয় লালা, সোনাহার ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক ও উৎসবের আহ্বায়ক আরিফ বিল্লাহ, নীলফামারী সরকারি কলেজের সাইফুল হোসেন আনোয়ার, দিনাজপুর সরকারি কলেজের সেলিম ইসলাম আশিক, বিতর্ক পরিষদের সভাপতি মো. মাহাবুল ইসলাম, রংপুর সরকারি কলেজের আহনাফ তাজওয়ার রিয়ান, বীথি রায় ও টুম্পা সরকার।
দিনব্যাপী কর্মশালায় সংসদীয় বিতর্ক, রম্য বিতর্ক, শুদ্ধ উচ্চারণ, নিউজ প্রেজেন্টেশন এবং র্যাম্প শো অনুষ্ঠিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারী ২৭০ জন শিক্ষার্থীর মধ্যে সনদপত্র প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাজ্জাক দুলাল বলেন, “বর্তমান প্রজন্মকে যুক্তিনির্ভর, আত্মবিশ্বাসী ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে বিতর্কচর্চার বিকল্প নেই।” তিনি শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশে এ ধরনের আয়োজনকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।
এনডিএফ বিডির জয়েন্ট সেক্রেটারি ও প্রশিক্ষক নাহিদুর রহমান দুর্জয় বলেন, “বিতর্ক শুধু প্রতিযোগিতা নয়, এটি চিন্তা করার একটি শিল্প। যুক্তি দিয়ে কথা বলার দক্ষতা একজন শিক্ষার্থীকে সমাজ ও রাষ্ট্র সম্পর্কে সচেতন করে তোলে।”
অংশগ্রহণকারী শিক্ষার্থীরাও এ আয়োজনকে শিক্ষণীয় ও অনুপ্রেরণাদায়ক বলে অভিমত ব্যক্ত করেন।
আয়োজকদের পক্ষ থেকে সোনাহার বিতর্ক পরিষদের সভাপতি মো. মাহাবুল ইসলাম জানান, শিক্ষার্থীদের যুক্তিবোধ, আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সামাজিক সচেতনতা বিকাশে বিতর্কচর্চার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন ধারাবাহিকভাবে অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
উল্লেখ্য, এর আগে ২০১৯, ২০২৩ ও ২০২৪ সালেও এসডিএস ডিবেট ফেস্টিভাল ও ওয়ার্কশপ সফলভাবে অনুষ্ঠিত হয়েছিল।
আপনার মতামত লিখুন :