ফরিদপুরের সালথায় ৯ বছরের এক শিশু কন্যাকে অস্ত্রের মুখে জিম্মি করে বাগানে নিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী শিশুটি স্থানীয় একটি মহিলা মাদ্রাসার ছাত্রী।
আজ শনিবার (২৩ মে) দুপুর আনুমানিক দুইটার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের একটি গ্রামে এই ঘটনা ঘটে।
ঘটনার পর থেকে অভিযুক্ত মো. খায়ের দাঈ (৩৫) পলাতক রয়েছেন। তিনি সোনাপুর ইউনিয়নের বাংরাইল গ্রামের মমিন দাঈয়ের ছেলে এবং স্থানীয় একটি মুদি দোকানের মালিক। বিবাহিত খায়েরের সংসারে ১০ ও ১৩ বছর বয়সী দুটি ছেলে সন্তান রয়েছে বলে জানা গেছে।
ভুক্তভোগী শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, আজ দুপুরে শিশুটি তাদের বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় ওত পেতে থাকা খায়ের দাঈ একটি রামদা দিয়ে শিশুটির মুখ চেপে ধরে এবং প্রাণনাশের ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক পাশের একটি বাগানে নিয়ে যায়। সেখানে সে শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়।
স্থানীয় বাসিন্দারা বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান এবং হাতেনাতে খায়েরকে ধরে ফেলেন। এরপর তাকে একটি ঘরে আটকে রাখা হয়। তবে কিছুক্ষণের মধ্যেই কৌশলে ঘর থেকে পালিয়ে যেতে সক্ষম হন অভিযুক্ত খায়ের। এই ঘটনার পর থেকে স্থানীয় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাবলুর রহমান খান বলেন, এ ঘটনার পর অভিযুক্ত খায়েরকে একমাত্র আসামী করে ওই শিশুটির মা বাদী হয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে। তিনি বলেন, অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেফতারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে।
আপনার মতামত লিখুন :