নড়িয়া কলেজছাত্রী তানজিলার মৃত্যুতে রহস্য, সুবিচার চেয়ে সংবাদ সম্মেলন

এম এ জব্বার , শরীয়তপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ০৬:২৮ পিএম

শরীয়তপুরে নড়িয়া কলেজের শিক্ষার্থী তানজিলার রহস্যজনক মৃত্যু ঘিরে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। মামলার সুষ্ঠু তদন্ত ও নড়িয়া থানার ওসির বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার ও স্থানীয়রা।

শরীয়তপুর পৌরসভা শহীদ মিনার চত্বরে ২৫ মার্চ সোমবার সকালে অনুষ্ঠিত হয় তানজিলা হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন। এতে অংশ নেন ভুক্তভোগী পরিবারের সদস্য, স্বজন, সহপাঠী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

সংবাদ সম্মেলনে পরিবারের সদস্যরা অভিযোগ করেন, তানজিলার মৃত্যুর ঘটনায় নড়িয়া থানার ওসি শুরু থেকেই পক্ষপাতমূলক আচরণ করছেন। তারা দাবি করেন, মামলার তদন্ত সঠিকভাবে পরিচালিত হচ্ছে না এবং প্রকৃত ঘটনা আড়াল করার চেষ্টা চলছে।

এসময় বক্তারা দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে তারা প্রশাসনের নিরপেক্ষ ভূমিকা কামনা করেন।

এদিকে তানজিলা হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি অপু বেপারিকে গতকাল আদালতে হাজির করা হলে আদালত তার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন।

ঘটনাটি নিয়ে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মামলার তদন্ত ও পরবর্তী আইনি কার্যক্রমের দিকে নজর রাখছে স্থানীয় সচেতন মহল।

Link copied!