কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর গ্রামে মাদক, ইভটিজিং ও সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধের দাবিতে এক বিশাল প্রতিবাদ সভা ও সমাবেশ করেছেন স্থানীয় গ্রামবাসী। গতকাল বিকেলে স্থানীয় বাজারে আয়োজিত এই সভায় গ্রামকে অপরাধমুক্ত করার লক্ষে ঐক্যবদ্ধ ঘোষণা দেন বক্তারা।
দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর হক রিপন ভূঁইয়ার সভাপতিত্বে সভায় প্রধান বক্তারা গ্রামে ক্রমবর্ধমান মাদক ও কিশোর গ্যাং কালচারের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন। সভাটি সঞ্চালনা করেন দুলালপুর বাজার কমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম মেম্বার।
বক্তারা অভিযোগ করেন, এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ করে তুলেছে। বিশেষ করে শাহিন ও শামিম নামের দুই ব্যক্তির সন্ত্রাসী কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তারা বলেন, দুলালপুর গ্রামে কোনো ধরনের মাদক সেবন বা বিক্রয় চলতে দেওয়া হবে না। অপরাধীদের সামাজিক ও আইনিভাবে বয়কট করার ব্যাপারে গ্রামবাসী একমত পোষণ করেন।
"এই গ্রামে মাদকের কোনো সার দেওয়া হবে না। আমাদের সন্তান ও সমাজকে বাঁচাতে হলে মাদক আর সন্ত্রাসের বিরুদ্ধে ঘরে ঘরে দুর্গ গড়ে তুলতে হবে।"
সভায় উপস্থিত ছিলেন যারা উপজেলা বিএনপির ধর্ম বিষয়ক সম্পাদক মনিরুল আলম বাবুল,ব্রাহ্মণপাড়া উপজেলা শ্রমিক দলের সভাপতি আবু কাউছার।
দুলালপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুল হক সরকার, হান্নান কাজী, আবু তাহের ব্যাপারী ও মোঃ বাবুল। এছাড়াও নাজমুল হক সরকার, বিল্লাল হোসেন মেম্বার, মোখলেছুর রহমান সরকার, লোকমান ভূঁইয়া, আবুল কালাম আজাদ, জুলুস সরকার, আবদুর রশিদ মেম্বার, ফিরোজ সরকার ও জিতু সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভা শেষে গ্রামবাসীর পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন ব্যক্তির আনাগোনা কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে। ইভটিজিং ও মাদক কেনাবেচার সাথে জড়িত কাউকেও ছাড় দেওয়া হবে না এবং প্রয়োজনে তাদের আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করা হবে।
গ্রামের শান্তি রক্ষায় এ ধরনের সামাজিক আন্দোলন অব্যাহত থাকবে বলে সভায় ঘোষণা দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :