দাউদকান্দিতে স্বাস্থ্যমন্ত্রীর ২টি হাসপাতাল পরিদর্শন

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি দাউদকান্দিতে ২টি হাসপাতাল পরিদর্শনে আসলে গৌরীপুরস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকীকরণ এবং শহীদনগর ট্রমা সেন্টার দ্রুত চালু করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেনের নেতৃত্বে সমবেত প্রচুরসংখ্যক নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ দাবি করেছেন।

সোমবার (২৫ মে) বিকেলে দাউদকান্দি উপজেলার গৌরীপুর এবং শহীদনগরে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলকে ফুলেল শুভেচ্ছা জানান, বর্তমান এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেনের পুত্র বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রীম কোর্টের এডভোকেট ড.খন্দকার মারুফ হোসেন।

গৌরীপুরস্থ দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং শহীদনগরে ট্রমা সেন্টার পরিদর্শনকালে ড.খন্দকার মারুফ হোসেন স্বাস্থ্যমন্ত্রীকে জানান, বিগত বিএনপি সরকারের সময়ে তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী (বর্তমানে এমপি) ড.খন্দকার মোশাররফ হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে চিকিৎসা সরঞ্জামে সজ্জিতকরণ, নতুন বিল্ডিং নির্মাণ এবং প্রচুর সংস্কার কাজ করেছেন। বিএনপি সরকারের ক্ষমতার শেষদিকে (০৮ অক্টোবর ২০২৬) ড.খন্দকার মোশাররফের প্রচেষ্টায় শহীদনগরে ট্রমা সেন্টারটি নির্মিত হয়। জনবলও নিয়োগ দেয়া হয়েছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে এই ট্রমা সেন্টারটি কার্যত: বন্ধ করে দিয়েছে। এমনকি সাবেক স্বাস্থ্যমন্ত্রীর নামখচিত উদ্বোধনী নামফলকটিও খুলে ফেলেছে। ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থান শহীদনগরে ট্রমা সেন্টারটি নির্মিত হলেও গত ১৭ বছর দূর্ঘটনা কবলিত আহত রোগীদের কোন কাজে আসেনি।

এই সময় স্বাস্থ্যমন্ত্রী সাখাওয়াত হোসেন বকুল ফোনে (ড. খন্দকার মারুফের ফোনে)

স্থানীয় এমপি ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেনের সাথে কুশল বিনিময় করেন এবং বলেন, এই দুইটি হাসপাতালসহ আপনার যে কোন কাজ অগ্রাধিকার ভিত্তিতে করবো।

ড.খন্দকার মারুফ হোসেন বৃহত্তর জনস্বার্থে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে আধুনিকীকরণ এবং শহীদনগর ট্রমা সেন্টারটি দ্রুত চালু করার জন্য স্বাস্থ্যমন্ত্রীর কাছে অনুরোধ করেন।  স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন ধৈর্য্যসহকারে ড. খন্দকার মারুফের কথা শোনেন।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল এমপি দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিত্যক্ত পুরনো বিল্ডিং ভেঙে আধুনিক হাসপাতালে উন্নীত এবং শহীদনগর ট্রমা সেন্টার আধুনিক চিকিৎসা  সরঞ্জামে সজ্জিত করে ৬ মাসের মধ্যে চালু করার প্রতিশ্রুতি দেন।

এই সময় উপস্থিত ছিলেন, দাউদকান্দির উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরীন আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. মো.হাবিবুর রহমান, দাউদকান্দি থানার অফিসার ইনচার্জ এম. এ বারী, উপজেলা বিএনপির আহবায়ক এম.এ লতিফ ভূইয়া, সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব জসিমউদ্দিন আহমেদ, যুগ্ম আহবায়ক এনামুল হক সফর তালুকদার প্রমুখ।

উল্লেখ্য, কুমিল্লা-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন ইতোমধ্যে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ১৫০ শয্যায় উন্নীত এবং শহীদনগর ট্রমা সেন্টার চালু করার জন্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার  সাখাওয়াত হোসেনের কাছে পৃথক ডিও লেটার দিয়েছেন।

 

Advertisement

Link copied!