মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত---- পরিত্যক্ত শিশু কন্যাকে দত্তক নিলেন বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩১ মে, ২০২৬, ০৯:৫১ এএম

ফাইল ছবি

ভোলার বোরহানউদ্দিনে মানবিকতার এক অনন্য নজির স্থাপন করলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জনাব মনিরুজ্জামান। কয়েকদিন আগে উপজেলার হাওলাদার মার্কেট এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার হওয়া আনুমানিক দুই মাস বয়সী এক শিশু কন্যা অবশেষে পেল নতুন পরিবার, নতুন পরিচয় এবং ভালোবাসাময় একটি আশ্রয়। জানা যায়, উদ্ধার হওয়ার পর শিশুটিকে প্রশাসনের তত্ত্বাবধানে রাখা হয়। পরে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এক আবেগঘন পরিবেশে শিশুটিকে নিজের সন্তান হিসেবে দত্তক গ্রহণ করেন বোরহানউদ্দিন থানার ওসি মনিরুজ্জামান। এ সময় উপস্থিত সবার চোখে ছিল আনন্দ, আবেগ আর স্বস্তির ছাপ। অসহায় শিশুটিকে বুকে তুলে নিয়ে ওসি মনিরুজ্জামান জানান, “কোনো শিশুই যেন পরিচয়হীন বা অবহেলিত না থাকে। মানবিক দায়িত্ববোধ থেকেই শিশুটিকে নিজের সন্তানের মর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।” ঘটনাটি এলাকায় ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও ওসি মনিরুজ্জামানের এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। অনেকেই বলছেন, দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক মূল্যবোধের এমন দৃষ্টান্ত সমাজে ইতিবাচক বার্তা পৌঁছে দেয়। স্থানীয়দের মতে, বর্তমান সমাজে যেখানে অনেক শিশু অবহেলা, অনিশ্চয়তা ও পরিচয় সংকটে বেড়ে ওঠে, সেখানে একজন পুলিশ কর্মকর্তার এমন উদ্যোগ নিঃসন্দেহে মানবতার উজ্জ্বল উদাহরণ হয়ে থাকবে। শিশুটির নতুন জীবন সুখ, নিরাপত্তা ও ভালোবাসায় ভরে উঠুক—এমন দোয়া ও শুভকামনা জানিয়েছেন বোরহানউদ্দিনবাসী।

Advertisement

Link copied!