ময়মনসিংহ ইন সার্ভিসের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালামের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ৩১ মে, ২০২৬, ১০:৩১ পিএম

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক :

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ময়মনসিংহ জেলা পুলিশের ইন-সার্ভিস শাখার সাবেক অতিরিক্ত পুলিশ সুপার আব্দুস সালামের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদক সূত্রে জানা গেছে, সংস্থাটির সহকারী পরিচালক সাজিদ উর রোমান অভিযোগটির অনুসন্ধানের দায়িত্বে রয়েছেন।

সূত্র জানায়, চাকরি জীবনে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে আব্দুস সালামের বিরুদ্ধে। অভিযোগে বলা হয়েছে, তিনি কর্মজীবনে ক্ষমতার অপব্যবহার করে অঢেল সম্পদের মালিক হয়েছেন। বর্তমানে তিনি অবসরকালীন ছুটিতে রয়েছেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, চাকরিতে যোগদানের সময় তথ্য গোপন ও মিথ্যা তথ্য প্রদানের বিষয়েও দুদকে অভিযোগ জমা পড়েছে। এছাড়া কর্মরত অবস্থায় তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করে বিভিন্ন পুলিশ কর্মকর্তা ও সদস্যের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ অনুযায়ী, অর্থ না দিলে সংশ্লিষ্ট কর্মকর্তা বা সদস্যদের বিরুদ্ধে দীর্ঘ সময় ঝুলিয়ে রেখে নেতিবাচক প্রতিবেদন দাখিল করা হতো।

দুদক সূত্রে জানা গেছে, আব্দুস সালামের স্থায়ী বাড়ি ময়মনসিংহের ফুলপুর উপজেলায়। তার বিরুদ্ধে ময়মনসিংহ নগরীসহ বিভিন্ন স্থানে বিপুল পরিমাণ স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ তদন্তাধীন রয়েছে। এসব সম্পদের উৎস ও বৈধতা যাচাই করা হচ্ছে।

এ বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য আব্দুস সালামের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

দুদকের অনুসন্ধান শেষে অভিযোগের সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Advertisement

Link copied!