ঘাটাইলে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

রিমল তালুকদার , ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ০২:২১ পিএম

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার আথাইল শিমুল দক্ষিণপাড়া মাঠে আলোর দিশারী ফাউন্ডেশনের উদ্যোগে এক আনন্দঘন প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাধুলার মাধ্যমে সামাজিক সম্প্রীতি, সৌহার্দ্য ও বিনোদনের বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত এ খেলায় অংশ নেয় বিবাহিত ও অবিবাহিত দুটি দল।

গত রোববার (৩১ মে) বিকেলে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময়ের খেলায় অবিবাহিত দল ৪-১ গোলের ব্যবধানে বিবাহিত দলকে পরাজিত করে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলার প্রদর্শন করেন। মাঠজুড়ে ছিল দর্শকদের ব্যাপক উপস্থিতি ও উচ্ছ্বাস।

ফুটবল ম্যাচের পাশাপাশি বয়স্ক পুরুষদের জন্য “সঠিক দিক নির্ণয়” এবং বয়স্ক নারীদের জন্য “বল পাস” প্রতিযোগিতার আয়োজন করা হয়। এসব ব্যতিক্রমধর্মী আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে বাড়তি উৎসাহ ও আনন্দের সৃষ্টি করে। শিশু থেকে শুরু করে প্রবীণ—সব বয়সী মানুষের উপস্থিতিতে মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

খেলা ও বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন আলোর দিশারী ফাউন্ডেশনের উপদেষ্টা আলহাজ্ব মহির উদ্দিন মিয়া, ফাউন্ডেশনের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে আলহাজ্ব মহির উদ্দিন মিয়া বলেন, “এ ধরনের আয়োজন সমাজে সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি করে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এবং সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।”

তিনি সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করায় আলোর দিশারী ফাউন্ডেশনের সকল সদস্যকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও প্রতিবছর এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান।

দিনব্যাপী নানা আয়োজন ও প্রাণবন্ত অংশগ্রহণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। স্থানীয়দের মতে, এমন আয়োজন এলাকার মানুষের মধ্যে সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Advertisement

Link copied!