চান্দিনার কেশেরায় সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন শিল্পপতি ইসহাক সিআইপি

ফখরুল ইসলাম , চান্দিনা (কুমিল্লা) সংবাদদাতা

প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ০৪:২৬ পিএম

কুমিল্লার চান্দিনা উপজেলার গল্লাই ইউনিয়নের কেশেরা গ্রামের বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ইকবাল হোসেন ইসহাক (সিআইপি) ঈদ পরবর্তী সময়ে গ্রামের মুসলিমদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের মানুষের জন্য বিশেষ অতিথি আপ্যায়নের আয়োজন করেন।

সম্প্রীতি ও সৌহার্দ্যের এ ব্যতিক্রমী আয়োজনকে ঘিরে গ্রামের সর্বস্তরের মানুষের মাঝে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং আয়োজকের এমন মানবিক উদ্যোগকে সাধুবাদ জানান।

এ সময় ইকবাল হোসেন ইসহাক সিআইপি বলেন, “আমাদের গ্রামের মুসলমানদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের মানুষও এই গ্রামেরই অংশ। আমরা সবাই মিলেমিশে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছি। তাদের কখনো সংখ্যালঘু হিসেবে না ভেবে গ্রামের সমান সদস্য হিসেবে মূল্যায়ন করাই আমাদের দায়িত্ব। সেই ভাবনা থেকেই এই আপ্যায়নের আয়োজন করেছি।”

তিনি আরও বলেন, “আমি চাই কেশেরা গ্রাম সাম্প্রদায়িক সম্প্রীতি, উন্নয়ন ও মানবিকতার দিক থেকে চান্দিনার একটি মডেল গ্রামে পরিণত হোক। এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

স্থানীয়রা জানান, ইকবাল হোসেন ইসহাক সিআইপি দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও মানবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। তার এমন উদ্যোগ গ্রামে সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Advertisement

Link copied!