অবৈধ অনুপ্রবেশের এক বছর পর ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত

নোমান মিয়া , চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০১ জুন, ২০২৬, ০৮:০৭ পিএম

বাংলাদেশে অবৈধভাবে প্রবেশের দায়ে এক বছর কারাভোগের পর এক ভারতীয় নাগরিককে আনুষ্ঠানিকভাবে তার নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সোমবার (১ জুন) বেলা ১১টায় হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বাল্লা সীমান্তের নতুন স্থলবন্দর সংলগ্ন ১৯৬৬ এস-১ সীমান্ত পিলারের সামনে বাংলাদেশ ও ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উপস্থিতিতে তাকে ভারতের কাছে হস্তান্তর করা হয়।

সীমান্ত সূত্রে জানা যায়, ওই ভারতীয় নাগরিক অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে আটক হন। পরবর্তীতে আদালতের নির্দেশে তিনি হবিগঞ্জ জেলা কারাগারে দীর্ঘ ১২ মাস সাজা ভোগ করেন। সাজা শেষে দুই দেশের প্রচলিত রাষ্ট্রীয় ও আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।

হস্তান্তর প্রক্রিয়ায় বাংলাদেশের পক্ষে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), চুনারুঘাট থানা পুলিশ এবং উপজেলা প্রশাসনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অপরদিকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ) এবং ত্রিপুরা রাজ্যের খোয়াই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃষ্ণধন সরকারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ সময় উভয় দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সংক্ষিপ্ত পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে আনুষ্ঠানিক কাগজপত্র যাচাই-বাছাই সম্পন্ন করে ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়।

সীমান্ত এলাকায় এ ধরনের হস্তান্তর কার্যক্রম দুই দেশের মধ্যে বিদ্যমান কূটনৈতিক ও প্রশাসনিক সহযোগিতার অংশ হিসেবে সম্পন্ন হয়ে থাকে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

Advertisement

Link copied!