কেশবপুর উপজেলার প্রতাপপুর উত্তর পাড়ায় কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য) প্রকল্পের আওতায় নতুন ইটের রাস্তার নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাজুড়ে স্বস্তি ও আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন ধরে অবহেলিত এই সড়কটি নির্মিত হলে স্থানীয় মানুষের দুর্ভোগ কমবে এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন এলাকাবাসী।
আজ (২ জুন) মজিবার মাস্টারের বাড়ির দক্ষিণ পাশ থেকে ফিরোজের বাড়ি পর্যন্ত প্রায় ২৩০ ফুট দীর্ঘ ও ৭ ফুট প্রশস্ত ইটের রাস্তার নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়। স্থানীয়দের মতে, বর্ষাকালে কাদামাটি ও জলাবদ্ধতার কারণে এ পথে চলাচল অত্যন্ত কষ্টসাধ্য ছিল। বিশেষ করে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ী ও সাধারণ মানুষের জন্য এটি দীর্ঘদিনের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল।
স্থানীয়রা জানান, সংসদ সদস্য অধ্যাপক মোক্তার আলীর উদ্যোগে বাস্তবায়নাধীন এ উন্নয়ন প্রকল্প তাদের দীর্ঘদিনের দাবির বাস্তব প্রতিফলন। রাস্তার কাজ সম্পন্ন হলে এলাকার যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে।
এ সময় উপস্থিত ছিলেন ৩ নম্বর ইউনিয়নের জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল মোমিন, ৬ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা হাবিবুর রহমান, ইউনিয়ন সেক্রেটারি মোঃ ইউনুস আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া উপজেলা যুব বিভাগের সভাপতি মোঃ আয়াতুল্লাহ আলখোমেনি সার্বক্ষণিকভাবে নির্মাণকাজের তদারকি করছেন।
এ বিষয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আব্দুল মোমিন বলেন, গ্রামীণ জনপদের উন্নয়নের মূল ভিত্তি হলো যোগাযোগ ব্যবস্থা। প্রতাপপুরের এই গুরুত্বপূর্ণ রাস্তাটি দীর্ঘদিন মানুষের দুর্ভোগের কারণ ছিল। আজ নির্মাণকাজ শুরু হওয়ায় এলাকাবাসীর বহুদিনের প্রত্যাশা পূরণের পথে এগিয়েছে। আমরা চাই উন্নয়নের সুফল সমাজের প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাক। রাস্তার কাজ যেন সঠিক মান বজায় রেখে দ্রুত সম্পন্ন হয়, সে বিষয়েও আমরা সচেতন রয়েছি।
তিনি আরও বলেন, জনগণের কল্যাণে যেকোনো ইতিবাচক উন্নয়ন কর্মকাণ্ডকে আমরা স্বাগত জানাই। এলাকার সার্বিক উন্নয়ন ও মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
স্থানীয় বাসিন্দাদের মতে, এ ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ড গ্রামীণ অর্থনীতি ও সামাজিক জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে। প্রতাপপুরে শুরু হওয়া এই রাস্তা নির্মাণ প্রকল্প এখন শুধু একটি অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং এলাকার মানুষের কাছে নতুন আশা ও সম্ভাবনার প্রতীক হয়ে উঠেছে।
গ্রামীণ উন্নয়নের ধারাবাহিকতায় প্রতাপপুরে শুরু হওয়া এই উদ্যোগ স্থানীয় জনগণের মাঝে ব্যাপক আশাবাদ সৃষ্টি করেছে। এলাকাবাসীর প্রত্যাশা, নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পন্ন হয়ে তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটাবে।
আপনার মতামত লিখুন :