কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় সাম্প্রতিক প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে সরকারের পক্ষ থেকে নগদ অর্থ ও খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২ জুন) সিদলা ইউনিয়ন পরিষদ ও গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে সিদলা ইউনিয়নের ৫৩১ জন এবং গোবিন্দপুর ইউনিয়নের ৩৫১ জন ক্ষতিগ্রস্ত কৃষকের প্রত্যেককে ৩ হাজার টাকা করে নগদ অর্থ এবং ১৫ কেজি করে চাল দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, টানা ভারী বর্ষণের কারণে হোসেনপুর উপজেলার বিভিন্ন এলাকার ধানসহ নানা ধরনের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত সহায়তা দিতে সরকারের পক্ষ থেকে এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বিতরণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলীম, গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাইদুর রহমান এবং সিদলা ইউনিয়ন পরিষদের সদস্য ইকবাল হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, পুমদী ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মুদাসসিরহায়দার আলমগীর, গোবিন্দপুর ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মাহবুব হাসান, সিদলা ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা মনিরুজ্জামান ও তারিকুল হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী নাহিদ ইভা বলেন, সাম্প্রতিক ভারী বর্ষণে যেসব কৃষক ফসলের ক্ষতির শিকার হয়েছেন, তার মধ্যে আজ সিদলা ও গোবিন্দপুর ইউনিয়নের কৃষকদের মাঝে সহায়তা প্রদান করা হলো। পর্যায়ক্রমে উপজেলার অন্যান্য ইউনিয়নের ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝেও নগদ অর্থ ও চাল বিতরণ করা হবে।
তিনি আরও বলেন, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা যাতে সহায়তা পান, সে জন্য তালিকা যাচাই-বাছাই করা হচ্ছে। কৃষকদের পুনর্বাসনে সরকারের সহায়তা অব্যাহত থাকবে।
সহায়তা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। সিদলা ইউনিয়নের কৃষক মো. আব্দুল কুদ্দুস বলেন, টানা বৃষ্টিতে আমার জমির ধান নষ্ট হয়ে গেছে। এই ৩ হাজার টাকা ও ১৫ কেজি চাল আমার পরিবারের জন্য অনেক বড় সহায়তা। সরকারের এই সহযোগিতার জন্য আমরা কৃতজ্ঞ।
হোসেনপুর উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, ভারী বর্ষণে উপজেলার বিভিন্ন এলাকার ফসল আংশিক ও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ শেষে পর্যায়ক্রমে আরও ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার আওতায় আনা হবে।
আপনার মতামত লিখুন :