মৌলভীবাজার জেলা পুলিশে একযোগে বড় ধরনের প্রশাসনিক রদবদল করা হয়েছে। জেলার গুরুত্বপূর্ণ তিনটি থানা—কুলাউড়া, কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে পরিবর্তন আনার পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিটেও নতুন পদায়ন দেওয়া হয়েছে। এক অফিস আদেশে মোট সাতজন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বিভিন্ন দায়িত্বে বদলি ও পদায়ন করা হয়েছে।
গত মঙ্গলবার (২ জুন) মৌলভীবাজার জেলা পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ সুপার (অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, পিপিএম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ রদবদলের ঘোষণা দেওয়া হয়। আদেশে বলা হয়েছে, জনস্বার্থে জারিকৃত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।
অফিস আদেশ অনুযায়ী, কুলাউড়া থানার বর্তমান ওসি মোহাম্মদ মহিউদ্দিন মাহমুদ মোস্তফাকে জেলা অপরাধ শাখায় (ডিসবি) নিরস্ত্র পুলিশ পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে। তার স্থলাভিষিক্ত হয়েছেন শ্রীমঙ্গল থানার ওসি শেখ জহিরুল ইসলাম মুন্না। ফলে কুলাউড়া থানার নেতৃত্বে নতুন মুখ দেখা যাচ্ছে।
অন্যদিকে, কমলগঞ্জ থানার ওসি মো. আব্দুছ ছালেককে সদর সার্কেলের পুলিশ পরিদর্শক হিসেবে পদায়ন করা হয়েছে। তার শূন্য পদে মৌলভীবাজার পুলিশ লাইন্সে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. কমর উদ্দিনকে কমলগঞ্জ থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রদবদলের সবচেয়ে আলোচিত অংশটি এসেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ঘিরে। ডিবির বর্তমান ওসি মোহাম্মদ রুহুল আমিন তালুকদারকে শ্রীমঙ্গল থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। ফলে পর্যটননগরী শ্রীমঙ্গলের আইনশৃঙ্খলা ব্যবস্থাপনায় অভিজ্ঞ গোয়েন্দা কর্মকর্তার নেতৃত্ব যুক্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এছাড়া, পুলিশ লাইন্সে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক দিলীপ কান্তি নাথকে জেলা পুলিশ অফিসের প্রশাসন শাখায় এবং মো. আব্দুল মালিক, পিপিএম-কে জুড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে পদায়ন করা হয়েছে।
জেলা পুলিশের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনা, মাঠপর্যায়ে তদারকি জোরদার করা এবং জনসেবার মান উন্নয়নের লক্ষ্যেই এ রদবদল করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে, নতুন এই পদায়নের মাধ্যমে জেলার বিভিন্ন থানায় কার্যক্রমে নতুন গতি আসবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।
মৌলভীবাজার জেলা পুলিশে সাম্প্রতিক সময়ে এটি অন্যতম বড় প্রশাসনিক রদবদল হিসেবে বিবেচিত হচ্ছে। জেলার গুরুত্বপূর্ণ থানা ও গোয়েন্দা ইউনিটে নতুন নেতৃত্বের এই পরিবর্তন আগামী দিনে পুলিশি কার্যক্রমে কী ধরনের প্রভাব ফেলে, সেদিকে নজর থাকবে সংশ্লিষ্ট মহলের।
আপনার মতামত লিখুন :