স্বামীর লাশ নিয়ে বাড়ি ফেরা হলো না জাহানারার, নড়াইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

রাসেদুল ইসলাম , লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ০১:০০ পিএম

নড়াইল সদর উপজেলায় বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে জাহানারা বেগম (৫৫) ও অ্যাম্বুলেন্স চালক মো. আকবর হোসেন (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় ইসান নামে আরও একজন আহত হয়েছেন।

বুধবার (৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে নড়াইল সদর উপজেলার কালনা-যশোর মহাসড়কের বাদশার গ্যারেজ নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহানারা বেগম যশোর সদর উপজেলার মাহিদিয়া গ্রামের মৃত আবু তাহেরের স্ত্রী। অপর নিহত অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন লক্ষ্মীপুর জেলার কলাকোপা গ্রামের আব্দুল হাসিম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জাহানারা বেগম ঢাকা থেকে তার স্বামী আবু তাহের (৬২) মরদেহ নিয়ে অ্যাম্বুলেন্সে করে যশোরের নিজ বাড়িতে ফিরছিলেন। পথে নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের বাদশার গ্যারেজ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে অ্যাম্বুলেন্সটির মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষে ঘটনাস্থলেই জাহানারা বেগম ও অ্যাম্বুলেন্স চালক আকবর হোসেন নিহত হন। এ সময় অ্যাম্বুলেন্সে থাকা ইসান নামে একজন আহত হন। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে নেওয়া হয়।

নড়াইল তুলারামপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ সেকেন্দার আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকবলিত বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এ হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বামীর মরদেহ নিয়ে বাড়ি ফেরার পথে জাহানারা বেগমের এমন মর্মান্তিক মৃত্যু সবাইকে ব্যথিত করেছে।

 

 

Advertisement

Link copied!