ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফিরছেন কর্মজীবীরা, মোকামতলায় যাত্রীদের ভিড়

মোঃ মোস্তাকিম রুবেল , মোকামতলা বগুড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৩ জুন, ২০২৬, ০৩:৫৬ পিএম

ঈদুল আযহার ছুটি শেষে উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার কর্মজীবী মানুষ কর্মস্থলে ফিরতে শুরু করেছেন। রাজধানী ঢাকা ও আশপাশের শিল্পাঞ্চলমুখী যাত্রীদের চাপে বগুড়ার মোকামতলা বাসস্ট্যান্ডে ভিড় দেখা গেছে। একই সঙ্গে মোকামতলা বন্দরে বিভিন্ন পরিবহনের বাসের দীর্ঘ সারিও চোখে পড়েছে।

বুধবার বেলা ১১টায় মোকামতলা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, হাতে ব্যাগ ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে হাজারো যাত্রী অপেক্ষা করছেন। কেউ যাচ্ছেন ঢাকা, কেউ গাজীপুর, সাভার কিংবা নারায়ণগঞ্জে। পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন শেষে জীবিকার তাগিদে আবার কর্মস্থলের উদ্দেশে রওনা হয়েছেন তারা। বাস ছাড়ার নির্ধারিত সময়ের আগেই কাউন্টার ও স্ট্যান্ড এলাকায় যাত্রীদের ভিড় জমতে দেখা যায়।

ঢাকাগামী যাত্রী মিজানুর রহমান বলেন, "ঈদের কয়েকটা দিন পরিবারের সঙ্গে কাটিয়ে আবার কাজে ফিরছি। সকাল থেকেই মানুষের চাপ বেশি। তবে গাড়ি পাওয়া যাচ্ছে এটাই স্বস্তির।"

গাজীপুরের একটি পোশাক কারখানার কর্মী রুমা খাতুন বলেন, "আগামীকাল থেকে কারখানা খোলা। তাই আজই রওনা হতে হচ্ছে। বাসস্ট্যান্ডে অনেক ভিড়। তবু সবাই গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন।"

পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, ঈদের আগে মানুষ যেমন বাড়িমুখী হন, ছুটি শেষে তেমনি কর্মস্থলমুখী চাপ তৈরি হয়। এবারও তার ব্যতিক্রম হয়নি।

এসআর পরিবহনের কাউন্টার মাস্টার দেলোয়ার হোসেন বলেন, "সকাল থেকেই ঢাকাগামী যাত্রীর সংখ্যা বেশি। প্রতিটি বাস প্রায় পূর্ণ যাত্রী নিয়ে ছেড়ে যাচ্ছে। যাত্রীদের চাপ আরও এক-দুদিন অব্যাহত থাকতে পারে।"

মোকামতলা ট্রাফিক পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর একেএম বানিউল আনাম বলেন, "ঈদের ছুটি শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের কারণে মোকামতলা এলাকায় যানবাহনের চাপ বেড়েছে। মহাসড়কে যানজট নিরসন ও নির্বিঘ্ন যান চলাচল নিশ্চিত করতে ট্রাফিক পুলিশ সকাল ৮টা থেকে কাজ করছে। এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজট বা অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কর্মস্থলে ফেরা যাত্রীদের চাপ এই সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে।"

Advertisement

Link copied!