জহুরুল ইসলাম মেডিকেল কলেজে নতুন ওটি কমপ্লেক্সের উদ্বোধন

জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন নতুন ওটি (অপারেশন থিয়েটার) কমপ্লেক্সের শুভ উদ্বোধন করা হয়েছে। হাসপাতালের বিদ্যমান ওটি কমপ্লেক্সের সঙ্গে নতুন করে ৪টি অত্যাধুনিক অপারেশন থিয়েটার সংযোজিত হওয়ায় হাসপাতালের অস্ত্রোপচার সেবার সক্ষমতা আরও বৃদ্ধি পেয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ বাহার উদ্দিন ভূঞা। এ সময় উপস্থিত ছিলেন জহুরুল ইসলাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সাঈদ হাসান, উপাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ খালিকুল ইসলাম, হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ এস. এম. ইউসুফ ভূঁইয়া, সার্জারি, গাইনী, অর্থোপেডিক্স, ইএনটি, চক্ষু ও অ্যানেস্থেসিয়া বিভাগের বিভাগীয় প্রধানগণসহ অন্যান্য চিকিৎসক, নার্স এবং কর্মকর্তা-কর্মচারীরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন ওটিগুলোর মাধ্যমে রোগীরা আরও উন্নত, নিরাপদ ও আধুনিক অস্ত্রোপচার সেবা পাবেন। তারা রোগীদের মানসম্মত চিকিৎসা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের প্রত্যয় ব্যক্ত করেন।

হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ বাহার উদ্দিন ভূঞা তার বক্তব্যে আধুনিক অপারেশন থিয়েটার ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরে বলেন, উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে দক্ষতা, প্রযুক্তি এবং সেবার মান উন্নয়নের কোনো বিকল্প নেই। তিনি রোগীদের সর্বোচ্চ মানের সেবা প্রদানে সকলকে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ সাঈদ হাসান তার বক্তব্যে অপারেশন থিয়েটারে সংক্রমণ নিয়ন্ত্রণের গুরুত্ব তুলে ধরেন। তিনি স্বাস্থ্যবিধি মেনে চলা, জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখা এবং আন্তর্জাতিক মানের সংক্রমণ নিয়ন্ত্রণ ব্যবস্থা অনুসরণের ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারাও নতুন ওটি কমপ্লেক্সের কার্যক্রম, আধুনিক চিকিৎসা প্রযুক্তির ব্যবহার এবং রোগীবান্ধব সেবা নিশ্চিত করার বিভিন্ন দিক তুলে ধরেন। নতুন ৪টি আধুনিক অপারেশন থিয়েটার সংযোজনের ফলে হাসপাতালের অস্ত্রোপচার কার্যক্রম আরও সম্প্রসারিত হবে। এর মাধ্যমে বৃহত্তর কিশোরগঞ্জ অঞ্চলের রোগীরা দ্রুত ও উন্নত চিকিৎসাসেবা লাভ করবেন বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

Link copied!