শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়ন পরিষদের আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন সমাজসেবামূলক কর্মকাণ্ডে পরিচিত মুখ মিজানুর রহমান নিরব মুন্সী। সম্প্রতি তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে এক শুভেচ্ছা ও মতবিনিময় বার্তায় এ ঘোষণা দেন।
তিনি বলেন, রুদ্রকর ইউনিয়নের উন্নয়নে যারা অতীতে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন, তাদের অবদান ইউনিয়নবাসী আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করবে। একই সঙ্গে যারা বিভিন্ন সময়ে পরামর্শ, সহযোগিতা ও নেতৃত্ব দিয়ে আজ পৃথিবীতে নেই, তাদের আত্মার মাগফেরাত কামনা করেন তিনি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
মিজানুর রহমান নিরব মুন্সী বর্তমান ও সাবেক জনপ্রতিনিধিদের প্রতিও শুভেচ্ছা ও সম্মান প্রকাশ করেন। তিনি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে বলেন, “আমি একজন সাধারণ মানুষ হিসেবে আসন্ন রুদ্রকর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নির্বাচন করতে চাই। এজন্য সকলের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।”
তিনি আরও বলেন, তার এই আত্মপ্রকাশকে ইউনিয়নবাসী কীভাবে দেখছেন—ইতিবাচক কিংবা নেতিবাচক, যেকোনো মতামত কমেন্টের মাধ্যমে জানানোর আহ্বান জানান তিনি। জনগণের মতামত ও পরামর্শকে তিনি নিজের চলার পথের শক্তি হিসেবে দেখছেন বলেও উল্লেখ করেন।
সবশেষে নিরব মুন্সী রুদ্রকর ইউনিয়নের সকল মানুষের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেন এবং নিজের জন্য দোয়া প্রার্থণা করেন। তিনি আশা প্রকাশ করেন, সকলের সহযোগিতায় একটি সুন্দর, আধুনিক ও উন্নত রুদ্রকর ইউনিয়ন গড়ে তোলা সম্ভব হবে, ইনশাআল্লাহ।
আপনার মতামত লিখুন :