পূবাইলে কবির হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি বারিধারা স্পোর্টিং ক্লাব ও পূবাইল বাজার স্পোর্টিং ক্লাব

আখতার হোসেন , বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০৪ জুন, ২০২৬, ০৬:১৬ পিএম

পূবাইলে কবির হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি বারিধারা স্পোর্টিং ক্লাব ও পূবাইল বাজার স্পোর্টিং ক্লাব

মাদকমুক্ত সমাজ গঠন এবং যুবসমাজকে খেলাধুলামুখী করতে গাজীপুরের পূবাইলে কাল শুক্রবার অনুষ্ঠিত হতে যাচ্ছে মরহুম কবির হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল ম্যাচ। পূবাইল বাজার ব্যাপারীপাড়া যুব সমাজের উদ্যোগে আয়োজিত এ ফাইনাল খেলাকে ঘিরে ইতোমধ্যে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।

শুক্রবার(৫ জুন) বিকাল  ৪টায় পূবাইল বাজার মাঠে অনুষ্ঠিতব্য ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে শক্তিশালী বারিধারা স্পোর্টিং ক্লাব ও পূবাইল বাজার স্পোর্টিং ক্লাব।  স্থানীয় ক্রীড়াপ্রেমীদের প্রত্যাশা, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচটি দর্শকদের জন্য উপভোগ্য ও স্মরণীয় হয়ে থাকবে।

আয়োজকরা জানান, মরহুম কবির হোসেনের স্মৃতিকে ধরে রাখার পাশাপাশি যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে এ আয়োজন করা হয়েছে। টুর্নামেন্টের মূল প্রতিপাদ্য হচ্ছে— “মাদককে না বলি, খেলাধুলাকে হ্যাঁ বলি; সুস্থ সমাজ গঠনে খেলার বিকল্প নেই।”

ফাইনালে বিজয়ী দলের জন্য ৫০ হাজার টাকা ও রানার্স-আপ দলের জন্য ২৫ হাজার টাকা প্রাইজমানি ঘোষণা করা হয়েছে। আকর্ষণীয় এই পুরস্কার ও দুই শক্তিশালী দলের লড়াইকে ঘিরে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা দিয়েছে।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পূবাইল থানা বিএনপির সম্মানিত সদস্য ও গাজীপুর সিটি কর্পোরেশনের ৪১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব আসাদ হোসেন খান বুলবুল। বিশেষ অতিথি হিসেবে থাকবেন পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি আলহাজ্ব রবিউল ইসলাম আওলাদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পূবাইল প্রেসক্লাবের সভাপতি ও গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি  আলহাজ্ব মো.আখতার হোসেন। 

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন উত্তরা, ঢাকার বিশিষ্ট ব্যবসায়ী মাসুদ রানা। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতায় রয়েছেন কলেজ গেইট, পূবাইলের বিশিষ্ট ব্যবসায়ী মঞ্জুর হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করবেন জাকির হোসেন ও ধারাভাষ্য প্রদান করবেন মামুন মিয়া এবং আরিফ মিয়া।

স্থানীয় এলাকাবাসী, যুব সমাজ ও এলাকাবাসীর প্রত্যাশা, ক্রীড়ার মাধ্যমে সামাজিক সচেতনতা তৈরির এই উদ্যোগ ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।  একই সঙ্গে মরহুম কবির হোসেনের স্মৃতিকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরার ক্ষেত্রেও এ আয়োজন বিশেষ অবদান রাখবে বলে তারা মনে করেন।

পূবাইলবাসীর দৃষ্টি এখন কালকের বহুল প্রতীক্ষিত ফাইনালের দিকে। কে জিতবে শিরোপা— বারিধারা স্পোর্টিং ক্লাব, নাকি স্বাগতিক পূবাইল বাজার স্পোর্টিং ক্লাব— সেই উত্তরের অপেক্ষায় ক্রীড়াঙ্গন।

Link copied!