মোঃ ফরহাদ ,গাজীপুর আঞ্চলিক সংবাদদাতা :গাজীপুরের শ্রীপুরে বৈধভাবে ক্রয়কৃত কৃষিজমি জোরপূর্বক দখল, রাস্তা নির্মাণের অপচেষ্টা, সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা অপপ্রচার এবং প্রবাসী পরিবারকে হয়রানির প্রতিবাদে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী ফারজানা আক্তার খান। তিনি শ্রীপুর উপজেলার গোসিঙ্গা এলাকার সৌদি আরব প্রবাসী শরীফ হোসেন খানের স্ত্রী।
লিখিত বক্তব্যে ফারজানা আক্তার জানান, প্রায় ১৮ বছর আগে তাঁর প্রবাসী স্বামী শ্রীপুর মৌজার ১৭ শতাংশ কৃষিজমি বৈধভাবে ক্রয় করেন। জমি ক্রয়ের পর আইন অনুযায়ী নামজারি (খারিজ), খাজনা পরিশোধসহ প্রয়োজনীয় সকল বৈধ কাগজপত্র সম্পন্ন করে তাঁরা এতদিন যাবৎ উক্ত জমি শান্তিপূর্ণ ও বৈধ ভোগদখলে আছেন।
তবে সম্প্রতি কিছু প্রভাবশালী ব্যক্তি তাঁদের অমতে জোরপূর্বক উক্ত জমির ওপর রাস্তা নির্মাণের চেষ্টা চালাচ্ছে বলে তিনি অভিযোগ করেন। শুধু তাই নয়, রাতের আঁধারে কৃষিজমিতে মাটি ফেলে ভরাট করারও অপচেষ্টা চালানো হচ্ছে। এসব অন্যায়ের প্রতিবাদ করায় একটি চক্র ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিরুদ্ধে অবান্তর, ভিত্তিহীন ও মানহানিকর অপপ্রচার চালাচ্ছে। এর ফলে পরিবারটি সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হওয়ার পাশাপাশি চরম মানসিক ভোগান্তির শিকার হচ্ছে।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবার সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং জেলা প্রশাসনের কাছে ঘটনার নিরপেক্ষ তদন্তের জোর দাবি জানিয়েছেন। একই সাথে অন্যায্য ও অবৈধ কর্মকাণ্ড এবং অপপ্রচারের সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

আপনার মতামত লিখুন :