গাজীপুর মহানগরের পূবাইলে মাদকবিরোধী অভিযানে মো. মোবারক হোসেন সরকার ওরফে ‘ডিপজল’ (৫০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)। এ সময় তার দখল থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মো. আল আমিন ও এএসআই (নিঃ) মো. গোলাম সারোয়ার সঙ্গীয় ফোর্স নিয়ে থানাধীন সমরসিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে হরেরাম চন্দ্র দাসের মুদি দোকানের সামনে পাকা সড়কের ওপর থেকে মো. মোবারক হোসেন সরকার ওরফে ‘ডিপজল’-কে আটক করা হয়।
পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতার ব্যক্তি পূবাইল থানার বিন্দান (বড় বাড়ী), ৪২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ডিপজল জাফর আলীর ছেলে। এ ঘটনায় উদ্ধার হওয়া ইয়াবাসহ তাকে থানায় নিয়ে আসা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
পূবাইল থানার ওসি আতিকুর রহমান জানান, মাদক নির্মূলে জিএমপির চলমান অভিযান অব্যাহত রয়েছে। মহানগর এলাকায় মাদক কারবার ও মাদকের বিস্তার রোধে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আপনার মতামত লিখুন :