মোঃ ফরহাদ : গাজীপুর মহানগর আদালতের হাজতখানা থেকে হাতকড়া খুলে পালিয়ে যাওয়া ৩২ মামলার দুর্ধর্ষ আসামি মো. সম্রাট মণ্ডলকে (২৮) গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার ভোরে ময়মনসিংহের কোতোয়ালি থানার কাশর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
সোমবার বেলা ২টার দিকে গাজীপুর সদর থানার পূর্ব জয়দেবপুর এলাকায় জিএমপি কোর্ট পুলিশের হাজতখানার রিসিভ ডেস্কের সামনে আসামিদের সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। সেই সুযোগে সম্রাট কৌশলে হাতকড়া থেকে হাত বের করে নিয়ে দ্রুত দৌড়ে পালিয়ে যান। এ ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে গাজীপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) মঞ্জরুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।
এর আগে গত ১৯ জুলাই রাত ৯টার দিকে গাজীপুরের গাছা থানার খুনিয়া মধ্যপাড়া এলাকার একটি বাসা থেকে সম্রাট মণ্ডলসহ আরও তিনজনকে গ্রেপ্তার করেছিল পুলিশ। ওই সময় তাঁর সঙ্গীদের মধ্যে আলামিন ইসলাম (৩৮), শহীদুল ওরফে মনসুর (৪০) ও আমিন মিয়াকেও (২৮) আটক করা হয়েছিল।
র্যাব-১-এর স্পেশালাইজড কোম্পানির কমান্ডার ক্যাপ্টেন ইফতেখার আহমেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। পলাতক থাকা অবস্থায় তাকে পুনরায় গ্রেপ্তার করায় এলাকায় স্বস্তি ফিরেছে।

আপনার মতামত লিখুন :