গোয়াইনঘাট সীমান্তে পুশ-ইন ঠেকাতে বিজিবির মাইকিং

শাহ আলম , গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০২:৩৮ পিএম

সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে ভারত থেকে সম্ভাব্য পুশ-ইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সংশ্লিষ্ট এলাকায় বিশেষ সতর্কতামূলক মাইকিং করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার দিবাগত গভীর রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) তাদের দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট সীমান্ত এলাকায় এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করে।

মাইকিংয়ের মাধ্যমে সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক করে বিজিবি জানায়, বিশ্বস্ত সূত্রে বিজিবি তথ্য পেয়েছে যে ভারত থেকে পুশ-ইন বা অবৈধ অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। এ পরিস্থিতিতে অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধে স্থানীয় জনগণকে তথ্য দিয়ে বিজিবিকে সহযোগিতা করার আহ্বান জানানো হয়। পাশাপাশি বাংলাদেশি নাগরিকদের কেউ যেন অবৈধভাবে সীমান্ত অতিক্রম না করেন, সে বিষয়েও অনুরোধ করা হয়।

সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক বলেন, ৪৮ বিজিবির দায়িত্বপূর্ণ এলাকার বিভিন্ন সীমান্ত ফাঁড়ির মাধ্যমে জনসচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণকে সচেতন হওয়ার পাশাপাশি তথ্য দিয়ে সহযোগিতামূলক ভূমিকা পালনের আহ্বান জানানো হচ্ছে।

তিনি আরও বলেন, অবৈধ পুশ-ইন ও মানবপাচার প্রতিরোধের পাশাপাশি মাদক ও চোরাচালান ঠেকাতে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

Link copied!