সিরাজদিখানে মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালিত

আনিছুর রহমান রুবেল , ক্রাইম রিপোর্টার

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ১১:১৪ পিএম

“নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি” প্রতিপাদ্যকে সামনে রেখে দেশব্যাপী মশক নিধন, ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও জনসচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ জুন)সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচির অংশ হিসেবে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ। তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারি উদ্যোগই যথেষ্ট নয়, বরং প্রতিটি পরিবার ও নাগরিককে নিজ নিজ বাসা-বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। সচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই ডেঙ্গুমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকার, সিরাজদিখান থানার সেকেন্ড অফিসার মাসুদ রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান হাওলাদারসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ডেঙ্গুর বিস্তার রোধে জমে থাকা পানি অপসারণ, পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

উপজেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি নিয়মিত এ ধরনের কার্যক্রম পরিচালনা করা হলে ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Link copied!