লোহাগড়ায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত আটক

রাসেদুল ইসলাম , লোহাগড়া (নড়াইল) সংবাদদাতা

প্রকাশিত: ০৬ জুন, ২০২৬, ০৬:৩৭ পিএম

নড়াইলের লোহাগড়া উপজেলায় বাক-প্রতিবন্ধী ১৩ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে সেলিম শেখ (২৭) নামে এক ইজিবাইক চালককে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেছেন।

শনিবার (৬ জুন) বিকেলে লোহাগড়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার একটি গ্রামে নানা বাড়িতে বসবাসরত বাক-প্রতিবন্ধী ওই কিশোরীকে শুক্রবার (৫ জুন) বিকেল ৪টার দিকে বাড়ির পাশের রাস্তা থেকে ইজিবাইকে তুলে নিয়ে যায় অভিযুক্ত সেলিম শেখ। পরে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করা হয় বলে অভিযোগ রয়েছে। সন্ধ্যার দিকে উপজেলার দিঘলিয়া ইউনিয়নের লুটিয়া বাজার এলাকায় কিশোরীকে নামিয়ে দিয়ে পালিয়ে যায় অভিযুক্ত।

পরিবারের সদস্যরা কিশোরীকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে সে ঘটনার বিষয়টি তাদের জানায়। পরে শনিবার বেলা সাড়ে ১১টার দিকে ভুক্তভোগীর মা লোহাগড়া থানায় সেলিম শেখকে আসামি করে অপহরণ ও ধর্ষণের মামলা দায়ের করেন।

গ্রেফতার সেলিম শেখ উপজেলার লক্ষীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের হাজিয়ার শেখের ছেলে। তিনি পেশায় ইজিবাইক চালক। মামলা দায়েরের পরপরই লোহাগড়া থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে সেলিম শেখকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

এ বিষয়ে লোহাগড়া থানার পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় বলেন, “ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা গ্রহণের পর দ্রুত অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”

তিনি আরও জানান, ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Advertisement

Link copied!