নেত্রকোণার দুর্গাপুরে বাংলাদেশ কৃষক সমিতি ও বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি, দুর্গাপুর উপজেলা কমিটির যৌথ উদ্যোগে কৃষক-ক্ষেতমজুরদের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে বিক্ষোভ সমাবেশ ও প্রধানমন্ত্রীর বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রবিবার (০৮ জুন) সকালে দুর্গাপুর প্রেসক্লাব মোড়ে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ কর্মসূচিতে হাওরসহ অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষক, ক্ষেতমজুর ও বর্গাচাষীদের আপদকালীন সহায়তা প্রদান, কৃষি ঋণ মওকুফ, প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রণয়ন করে ক্ষতিপূরণ প্রদান, খুন-ধর্ষণ বন্ধ এবং জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়।
এসময় ক্ষেতমজুর সমিতির সহকারী সাধারণ সম্পাদক সায়েদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও দুর্গাপুর উপজেলা কমিটির সভাপতি আলকাছ উদ্দিন মীর, বাংলাদেশ কৃষক সমিতি নেত্রকোণা জেলা কমিটির সাধারণ সম্পাদক ও সিপিবি দুর্গাপুর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোরশেদ আলম, ক্ষেতমজুর সমিতির নেত্রকোণা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক রুপন কুমার সরকার সহ সিপিবি ও তার অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, সাম্প্রতিক অতিবৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগে কৃষক ও ক্ষেতমজুররা চরম ক্ষতির মুখে পড়েছেন। ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তা প্রদান, কৃষিঋণ মওকুফ এবং ক্ষতিপূরণের ব্যবস্থা গ্রহণে সরকারের কার্যকর উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে দেশে খুন-ধর্ষণসহ সামাজিক অপরাধ দমন এবং জ্বালানি ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি প্রত্যাহারের দাবিও জানান তারা। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল দুর্গাপুর পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আপনার মতামত লিখুন :