পাঁচবিবিতে প্রায় ২ কিমি দীর্ঘ গ্রামীণ সড়কে গাছের চারা রোপণ

সাজ্জাদুল হক , জয়পুরহাট জেলা প্রতিনিধি

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ০৬:২৪ পিএম

জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও বন বিভাগের সহযোগিতায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়। আজ (০৯ জুন) রোজ মঙ্গলবার সকাল ১০'টায় উপজেলার কুসুম্বা ইউনিয়নের তেলিহার থেকে হাজরা সিধই গ্রামীণ রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ করা হয়।

প্রায়'২ কিমি দীর্ঘ গ্রামীণ সড়কের দুই পাশে মোট ৩ হাজার ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কাশপিয়া তাসরিন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন পপি, ভারপ্রাপ্ত উপজেলা বন বিভাগ কর্মকর্তা, মোঃ মহিদ চৌধুরী, কুসুম্বা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোছাঃ মমেনা খাতুন, জনপ্রতিনিধি ও উপকারভোগী।

উপজেলা নির্বাহী অফিসার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী উপজেলার প্রতিটি রাস্তার দু'পাশে উপজেলা প্রশাসন বন বিভাগের সহযোগীতায় বৃক্ষরোপণ করা হচ্ছে। গাছগুলো গ্রামীণ পরিবেশের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি অর্থনৈতিক সুফল বয়ে আনবে।

রাস্তা বৃক্ষশূন্য থাকলে বর্ষায় রাস্তা ভেঙে যায়। গাছগুলো বড় হলে রাস্তার স্থায়িত্ব বাড়বে ও পরিবেশের উন্নতি হবে বলে প্রতিদিনের কাগজ কে জানান ইউএনও মহোদয়।

 

Link copied!