মোংলায় নিষিদ্ধ সংগঠনের চার নেতা আটক, কেক ও ব্যানার উদ্ধার

মোঃ ইশতিয়াক আহমেদ , মোংলা (বাগেরহাট) সংবাদদাতা

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ১২:০০ পিএম

মোংলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠনের চার নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুটি ব্যানার এবং একটি জন্মদিনের কেক উদ্ধার করা হয়েছে। তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের চেষ্টা করেছিলেন। মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার (২৪ জুন) তাদের বাগেরহাট আদালতে পাঠানো হয়।

আটককৃতরা হলেন, পৌর শহরের মোর্শেদ সড়কের মৃত আশ্রাফ আলী শিকদারের ছেলে মো. হাসান শিকদার (৩০), মাদরাসা রোডের পেয়ার শরীফের ছেলে রবিউল হাসান পিথিল ও নুরনবী হোসেল পিয়েল (২০) এবং শহরতলীর আরাজী মাকড়ঢোন এলাকার রনজিত মন্ডলের ছেলে সবুজ মন্ডল (২৩)।

মোংলা থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান মঙ্গলবার রাত ১১টার দিকে জানান, নিষিদ্ধ সংগঠন যেন কোথাও কোনো বিশৃঙ্খলা করতে না পারে সেজন্য পুলিশের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করা হয়।

সেই গোয়েন্দা তৎপরতার ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে বাগেরহাটের মোংলা উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের সরকার মার্কেট এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর একটি কেক, আওয়ামী লীগের দলীয় পতাকা ও ছাত্রলীগের পতাকা উদ্ধারসহ ওই চার জনকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে বুধবার (২৪ জুন) তাদের আদালতে পাঠানো হয়।

Link copied!