বগুড়ার গাবতলীতে অনলাইন জুয়া পরিচালনা এবং জুয়াড়িদের আর্থিক লেনদেনের অভিযোগে এক মাস্টার এজেন্টকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে গাবতলী থানার নেপালতলি ইউনিয়নের বুরুজ বাজার থেকে কদমতলীগামী সড়কের বুরুজ বালিকা বিদ্যালয়ের সামনের ব্রিজ এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে কদমতলী (দড়িপাড়া) গ্রামের মৃত সুনীল চন্দ্র রায়ের ছেলে সুষেন চন্দ্র রায় (৩০)-কে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্ঘদিন ধরে মোবাইল ফোন ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি বিভিন্ন অনলাইন জুয়াড়ির অ্যাকাউন্টে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অর্থ লেনদেন করতেন এবং নতুন খেলোয়াড় সংগ্রহে ভূমিকা রাখতেন।
অভিযানকালে তার কাছ থেকে দুটি মোবাইল ফোন, অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত বিভিন্ন ডিজিটাল তথ্য-উপাত্ত, একটি অনলাইন ওয়ালেট অ্যাকাউন্ট এবং মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের তথ্য জব্দ করা হয়। জব্দকৃত একটি অনলাইন অ্যাকাউন্টে প্রায় ৯ হাজার ৮২৮ টাকা এবং একটি ডিজিটাল ওয়ালেটে ৭ হাজার ৮৫২ টাকা পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গাবতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিব হোসেন বলেন, অনলাইন জুয়া বর্তমান সমাজের জন্য একটি গুরুতর হুমকি। বিশেষ করে তরুণ সমাজকে বিপথগামী করছে এবং নানা ধরনের সামাজিক অপরাধ বৃদ্ধিতে ভূমিকা রাখছে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সুষেন চন্দ্র রায়ের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন, ২০২৬-এর ২০(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :