সোনারগাঁয়ে ডাম্পিং স্টেশন নেই, ময়লার ভাগাড়ে পরিণত হচ্ছে মারিখালি নদী

ফাহাদুল ইসলাম , নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৯ জুন, ২০২৬, ০৬:৩২ পিএম

সোনারগাঁ উপজেলায় পৌরসভা বা ইউনিয়ন পর্যায়ে কোথাও নেই ময়লা-আবর্জনা ফেলার নির্দিষ্ট কোনো ডাম্পিং স্টেশন। ফলে যত্রতত্র ময়লা ফেলার কারণে নষ্ট হচ্ছে পরিবেশ। আর সেই ময়লার বেশিরভাগই গিয়ে পড়ছে মারিখালি নদীতে। এতে নদী দূষণের পাশাপাশি ভরাট হয়ে হুমকির মুখে পড়েছে নদীর অস্তিত্ব।

স্থানীয়দের অভিযোগ, দোকান-বাজার, বাসা-বাড়ি থেকে শুরু করে হাসপাতাল-ক্লিনিকের বর্জ্যও ফেলা হচ্ছে রাস্তার পাশে, খোলা জায়গায়। বৃষ্টি হলেই সেই ময়লা গড়িয়ে যাচ্ছে মারিখালি নদীতে। নদীর পানি কালচে হয়ে গেছে। দুর্গন্ধে আশপাশের বাসিন্দারা অতিষ্ঠ। জলাবদ্ধতাও বেড়েছে কয়েকগুণ।

ইউএনওর দৃষ্টি আকর্ষণ, নেই কার্যকর উদ্যোগ। বিষয়টি নিয়ে বারবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও বরাবর অভিযোগ জানিয়েছেন এলাকাবাসী ও স্থানীয় জনপ্রতিনিধিরা। কিন্তু কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না বলে ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

নদীর পরিবেশ ও আশপাশের বসতবাড়ি রক্ষায় দ্রুত একটি আধুনিক ময়লা আবর্জনা ফেলার ডাম্পিং স্টেশন নির্মাণের দাবি জানিয়েছেন সোনারগাঁবাসী। তাদের মতে, ডাম্পিং স্টেশন ছাড়া ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা সম্ভব নয়।

এ বিষয়ে জানতে চাইলে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ আল জিনাত বলেন, “আমরা ব্যবস্থা নিচ্ছি। পর্যায়ক্রমে সোনারগাঁয়ের সমস্যাগুলোর সমাধান করা হবে। ময়লা-আবর্জনা ব্যবস্থাপনা নিয়ে কাজ চলছে।”

পরিবেশবিদরা বলছেন, মারিখালি নদী সোনারগাঁয়ের প্রাকৃতিক জলাধার ও পানি নিষ্কাশনের মূল পথ। এই নদী ভরাট হয়ে গেলে বর্ষায় পুরো উপজেলায় জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হবে। তাই দ্রুত ডাম্পিং স্টেশন নির্মাণ করে ময়লা ব্যবস্থাপনায় কঠোর হতে হবে প্রশাসনকে।

 

Link copied!