চোটজনিত কিছু শঙ্কা থাকলেও বিশ্বকাপের আগে দুর্দান্তভাবে মাঠে ফিরেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। নিজের প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে গোল করেছেন, ভেঙেছেন ৬৯ বছরের পুরোনো একটি রেকর্ড এবং একই সঙ্গে প্রতিপক্ষদের উদ্দেশে দিয়েছেন কঠিন বার্তা। বিশ্বকাপ অভিযান শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচে আইসল্যান্ডকে ৩-০ গোলে পরাজিত করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
যুক্তরাষ্ট্রের জর্ডান-হেয়ার স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন মেসি। এরপর পেনাল্টি থেকে গোল করে দলের ব্যবধান বাড়ান তিনি। জাতীয় দলের জার্সিতে এটি ছিল তার ১১৭তম গোল।
এই গোলের মাধ্যমে আর্জেন্টাইন ফুটবলের ইতিহাসে নতুন একটি অধ্যায়ও লিখেছেন মেসি। ৩৮ বছর ১১ মাস ১৮ দিন বয়সে গোল করে তিনি দেশের সবচেয়ে বয়োজ্যেষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েছেন। এর আগে ১৯৫৭ সালে ব্রাজিলের বিপক্ষে ৩৮ বছর ৯ মাস ১০ দিন বয়সে গোল করে এই কীর্তি গড়েছিলেন কিংবদন্তি আনহেল লাব্রুনা।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে নিজের শারীরিক অবস্থা নিয়ে স্বস্তি প্রকাশ করেন মেসি। তিনি জানান, সামান্য অস্বস্তি থাকলেও মাঠে ফেরার জন্য তিনি অধীর অপেক্ষায় ছিলেন। মাঠে নেমে আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন বলেও উল্লেখ করেন এই তারকা। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে দলের খেলোয়াড়দের পুরোপুরি ফিট হওয়ার জন্য আরও এক সপ্তাহ সময় রয়েছে বলেও জানান তিনি।
টানা দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নিয়ে কথা বলতে গিয়ে মেসি বলেন, এই দল কখনো সমর্থকদের হতাশ করবে না। তার মতে, বর্তমান আর্জেন্টিনা একটি বিজয়ী মানসিকতার দল, যারা সবসময় আরও বড় অর্জনের জন্য লড়াই করে। দলের বর্তমান অবস্থান নিজেদের যোগ্যতায় অর্জিত বলেও মন্তব্য করেন তিনি।
প্রতিপক্ষদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে মেসি বলেন, আর্জেন্টিনা সবসময় নিজেদের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করে। ফুটবলে জয়-পরাজয় থাকলেও তাদের লড়াকু মানসিকতা কখনো বদলায় না। তাই যে কোনো দলের জন্য আর্জেন্টিনাকে হারানো অত্যন্ত কঠিন হবে বলেই বিশ্বাস করেন তিনি।
বিশ্বকাপের মূল পর্ব শুরু হওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যমেও সমর্থকদের উজ্জীবিত করেছেন মেসি। ম্যাচের কয়েকটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, “আগের চেয়ে আরও বেশি ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে চলি।”
আগামী ১৬ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়নদের লক্ষ্য, ইতিহাস গড়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপ ট্রফি নিজেদের করে নেওয়া।
আপনার মতামত লিখুন :