বিশ্বকাপ উন্মাদনায় আর্জেন্টিনার পতাকার রঙে রাঙানো হলো পুরো বাড়ি

শেরপুরের নালিতাবাড়ীতে বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে আর্জেন্টিনা সমর্থক একটি পরিবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে তাদের বাড়িকে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে আকাশি ও সাদা রঙে সাজিয়েছেন।

প্রিয় ফুটবল দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে বাড়ির বাউন্ডারি, গেট ও বাইরের অংশ পতাকার রঙে রাঙিয়ে তুলেছেন তারা।

জানা গেছে, নালিতাবাড়ী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ নুরুল আমীনের পৌরশহরের নালিতাবাড়ী বাজারস্থ বাড়িতে এই ব্যতিক্রমী উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। তার তিন ছেলে নাজমুল হাসান রুবেল, অমিত হাসান শুভ ও দুর্জয় হাসান শাকিল যৌথভাবে পুরো বাড়িটিকে আর্জেন্টিনার পতাকার রঙে সাজান।

নিজেদের প্রিয় ফুটবল দল আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে আকাশি-সাদা রঙে রাঙানো বাড়িটির বিভিন্ন অংশ এখন স্থানীয় ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকদের কাছে বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ বাড়িটি দেখতে ভিড় করছেন। পাশাপাশি সেখানে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন দর্শনার্থীরা।

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, ফুটবলের প্রতি গভীর ভালোবাসা ও আবেগ থেকেই এমন ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে, যা এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

এ বিষয়ে বাড়ির মালিক অধ্যক্ষ নুরুল আমীনের ছেলে দুর্জয় হাসান শাকিল বলেন, “সবার আগে আমার জন্মস্থান বাংলাদেশকে ভালোবাসি। ছোটবেলা থেকেই আমাদের পুরো পরিবার আর্জেন্টিনার সমর্থক। বিশ্বকাপ ফুটবল এলেই সেই আবেগ আরও বেড়ে যায়।

প্রিয় দলের প্রতি ভালোবাসা ও আবেগের জায়গা থেকেই পরিবারের সম্মতিতে পুরো বাড়িকে আর্জেন্টিনার জাতীয় পতাকার আদলে সাজিয়েছি। আমরা চাই এবারের বিশ্বকাপে আর্জেন্টিনা দল চ্যাম্পিয়ন হোক।”

এদিকে ব্যতিক্রমী এই উদ্যোগকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। ফুটবল প্রেমীদের কাছে বাড়িটি এখন এক অনন্য আকর্ষণে পরিণত হয়েছে।

 

Link copied!