নতুন নিয়মে দোকানপাট কয়টা পর্যন্ত খোলা রাখতে পারবেন?

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১১ জুন, ২০২৬, ০৫:১৮ পিএম

দেশের খুচরা ব্যবসায়ী ও সাধারণ ক্রেতাদের জন্য সুখবর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আজ বৃহস্পতিবার (১১ জুন) থেকে সারা দেশে দোকানপাট, বিপণিবিতান ও শপিং মল রাত ৯টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর ফলে ক্রেতারা আগের তুলনায় আরও দুই ঘণ্টা বেশি সময় কেনাকাটার সুযোগ পাবেন।

বাংলাদেশ দোকান মালিক সমিতির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা ৭টার পরিবর্তে রাত ৯টা পর্যন্ত বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা করা যাবে।

এর আগে গত ৮ জুন দোকানপাট ও শপিং মল প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি চেয়ে প্রধানমন্ত্রীর কাছে চিঠি দেয় বাংলাদেশ দোকান মালিক সমিতি। চিঠিতে সংগঠনের সভাপতি নাজমুল হাসান ও সাধারণ সম্পাদক আরিফুর রহমান উল্লেখ করেন, সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধের বাধ্যবাধকতায় খুচরা ব্যবসা ব্যাপক ক্ষতির মুখে পড়ছে এবং লাখো ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা হুমকির মধ্যে রয়েছে।

তাদের দাবি, ব্যবসা পরিচালনার খরচ বর্তমানে উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। দোকান ভাড়া, বিদ্যুৎ বিল, ব্যাংকঋণের কিস্তি, কর্মচারীদের বেতন-ভাতা এবং অন্যান্য ব্যয় বৃদ্ধির কারণে ব্যবসায়ীরা চাপে রয়েছেন। এর মধ্যে সীমিত সময় ব্যবসা পরিচালনার সুযোগ পরিস্থিতিকে আরও কঠিন করে তুলছে।

দোকান মালিক সমিতির মতে, দোকানপাট ও শপিং মল রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হলে দেশের প্রায় ৭০ লাখ ব্যবসায়ী ও কর্মচারীর জীবিকা সুরক্ষিত হবে। পাশাপাশি ব্যবসা-বাণিজ্যের প্রসার, সরকারের রাজস্ব আয় বৃদ্ধি এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে।

সংগঠনটি আরও জানিয়েছে, অধিকাংশ চাকরিজীবী ও কর্মব্যস্ত মানুষ দিনের বেলায় কেনাকাটার সুযোগ পান না। তারা সাধারণত বিকেল বা সন্ধ্যার পর বাজারমুখী হন। ফলে দোকান খোলার সময়সীমা বাড়ানো হলে ক্রেতারা যেমন সুবিধা পাবেন, তেমনি ব্যবসায়ীরাও বিক্রির সুযোগ বৃদ্ধি পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Link copied!