বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে আরেকটি গৌরবময় অধ্যায়ের সূচনা হলো। বিশ্ব ক্রিকেটের অন্যতম শক্তিশালী দল অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতে নতুন ইতিহাস গড়েছে বাংলাদেশ। এই অসাধারণ অর্জনে জাতীয় ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার (১১ জুন) মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃষ্টি আইনে (ডিএলএস পদ্ধতিতে) অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারায় বাংলাদেশ। এর ফলে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করে স্বাগতিকরা।
এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত প্রথম ওয়ানডেতেও অস্ট্রেলিয়াকে ৮৬ রানের বড় ব্যবধানে পরাজিত করেছিল টাইগাররা। টানা দুই জয়ে মেহেদী হাসান মিরাজের নেতৃত্বাধীন দল নিশ্চিত করে ঐতিহাসিক সিরিজ জয়।
দলের এই স্মরণীয় সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি জানান। এক অভিনন্দন বার্তায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সাফল্যের এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দেশের তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি অনুপ্রাণিত করবে।
তিনি আরও বলেন, দলগত ঐক্য, শৃঙ্খলা ও আত্মবিশ্বাস ধরে রাখতে পারলে বাংলাদেশ ক্রিকেট দল আগামী দিনে বিশ্ব ক্রিকেটে আরও বড় সাফল্য অর্জন করবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে এই ঐতিহাসিক অর্জনের জন্য তিনি জাতীয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন জানান।
আপনার মতামত লিখুন :