জামাল উদ্দিন ,ময়মনসিংহ: ময়মনসিংহের পাগলা থানা পুলিশের বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিন মামলার পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি, জেলা পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার (গফরগাঁও সার্কেল)-এর সার্বিক নির্দেশনায় বৃহস্পতিবার (১১ জুন) রাতে পাগলা থানার এসআই (নিঃ) সুজিত কুমার সরকার, এএসআই (নিঃ) মো. জহিরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে পাগলা থানার মশাখালী ইউনিয়নের নামাকান্দি এলাকা থেকে আন্তঃজেলা মাদক ব্যবসায়ী মো. মোবারক হোসেন মুন্সি (৪০)কে গ্রেপ্তার করা হয়। তিনি পাগলা উপজেলার কান্দি (৮ নম্বর ওয়ার্ড) এলাকার মৃত নেওয়াজ আলীর ছেলে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার টাকা। এছাড়া তিনি গফরগাঁও থানার দুটি এবং ভালুকা থানার একটি মামলার পরোয়ানাভুক্ত আসামি বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পাগলা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-১০, তারিখ ১২ জুন ২০২৬। গ্রেপ্তারকৃত আসামিকে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পাগলা থানা পুলিশ।
আপনার মতামত লিখুন :