স্কুলছাত্রীকে গণধর্ষণ: গাজীপুর থেকে প্রধান আসামি রায়হান গ্রেপ্তার

নাজমুল হোসেন , গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ১২:৫৯ পিএম

রাজবাড়ীর গোয়ালন্দে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) প্রেমের ফাঁদে ফেলে গণধর্ষণ মামলার প্রধান আসামি মো. রায়হান শেখ (২০)-কে গ্রেপ্তার করেছে পুলিশ।

র‌্যাব-১ এর সহযোগিতায় গোয়ালন্দ ঘাট থানা পুলিশ গাজীপুরের গাছা থানা এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রায়হান গোয়ালন্দ পৌরসভার ১নং ওয়ার্ডের আব্দুল কুদ্দুসের ছেলে।

শুক্রবার (১২ জুন) রাতে গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাকে গাজীপুর থেকে গ্রেপ্তার করা হয়।

মামলার এজাহার ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী গোয়ালন্দ মুনস্টার কলেজিয়েট স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। স্কুলে যাতায়াতের পথে রায়হান শেখের সাথে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৯ মে রাত ১০টার দিকে রায়হান ওই স্কুলছাত্রীর বাড়ির সামনে গিয়ে তাকে ফোন করে বাইরে আসতে বলে। গভীর রাতে কিশোরী বের হতে অস্বীকৃতি জানালেও, রায়হানের জোরাজুরিতে সরল বিশ্বাসে সে ঘর থেকে বের হয়।

এরপর রায়হান তাকে জোরপূর্বক মোটরসাইকেলে তুলে গোয়ালন্দ পৌর শহরের নগর রায়েরপাড়া এলাকার হাবি কনটাক্টরের নির্জন পুকুরপাড়ে নিয়ে যায়। সেখানে প্রথমে কথিত প্রেমিক রায়হান এবং পরবর্তীতে তার বন্ধু নাফিস মন্ডল (১৮) ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনার পরদিন ১০ মে বিকেলে ধর্ষণের শিকার স্কুলছাত্রীর মা বাদী হয়ে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ ওই দিনই অভিযান চালিয়ে ধর্ষণের সহযোগী নাফিস মন্ডলকে গ্রেপ্তার করে। নাফিস গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ফকির পাড়া গ্রামের এলেম মন্ডলের ছেলে।

ওসি মো. শফিকুল ইসলাম জানান, ঘটনার পর থেকেই প্রধান আসামি রায়হান পলাতক ছিল। অবশেষে প্রযুক্তি ও র‌্যাবের সহায়তায় তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে।

 

 

Advertisement

Link copied!