দুধ দিয়ে গোসল করে জামায়াত থেকে পদত্যাগের ঘোষণা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৩ জুন, ২০২৬, ০২:২৭ পিএম

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৫ নম্বর বাহিরদিয়া–মানসা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সক্রিয় জামায়াত কর্মী শেখ তারেক দীর্ঘদিনের রাজনৈতিক সম্পর্কের অবসান ঘটিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন।

শুক্রবার (১২ জুন) জুম্মার নামাজের আগ মুহূর্তে তিনি দুধ ও পানি দিয়ে গোসল করে ব্যতিক্রমীভাবে দল ত্যাগের ঘোষণা দেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, শেখ তারেক প্রায় ১৪–১৫ বছর ধরে ওই ওয়ার্ডে জামায়াতে ইসলামীর একজন সক্রিয় ও নিবেদিত কর্মী হিসেবে কাজ করছিলেন।

পদত্যাগের ঘোষণা দিতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ সময় ধরে সংগঠনের সঙ্গে যুক্ত থাকার পর পবিত্র জুম্মার দিনে দুধ ও পানি দিয়ে গোসল করে তিনি দল থেকে নিজেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করলেন। ভবিষ্যতে ওই রাজনৈতিক দলের কোনো কার্যক্রমের সঙ্গে আর সম্পৃক্ত থাকবেন না বলেও জানান তিনি।

 

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে তার দলত্যাগের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

Link copied!