ফরিদপুরের নগরকান্দা উপজেলায় তরুণদের সৃজনশীলতা, মেধা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে “তরুণ উদ্ভাবকদের মেধা ও স্বপ্নের মেলা” শীর্ষক স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া প্রদর্শনী উদ্বোধন করা হয়েছে।
গত শুক্রবার (১২ জুন) উপজেলা প্রশাসনের হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়। কর্মসূচিটি বাস্তবায়ন করে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস, নগরকান্দা।
মেলায় উপজেলার ২১টি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে অংশগ্রহণ করে বিভিন্ন উদ্ভাবনী ধারণা ও বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে। প্রকল্প প্রদর্শনীতে সরকারি মহেন্দ্র নারায়ণ একাডেমী প্রথম, কে এম আতিকুর রহমান উচ্চ বিদ্যালয় দ্বিতীয় এবং চাঁদহাট উচ্চ বিদ্যালয় তৃতীয় স্থান অর্জন করে। পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ও ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য শামা ওবায়েদ ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে শামা ওবায়েদ ইসলাম বলেন, “মেধা–বিজ্ঞান–উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর নতুন নতুন উদ্ভাবনে এগিয়ে আসতে হবে। তিনি মাদক, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সচেতন সমাজ গড়ে তোলার আহ্বান জানান। পাশাপাশি পরিবেশ বিপর্যয় মোকাবিলায় প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি করে বৃক্ষ রোপণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখারও আহ্বান জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আফরোজা হক তানিয়া, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল) মোহাম্মদ আল ফাহাদ, নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসুল সামদানি আজাদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ইকবাল হোসেন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ, সাবেক সহ-সভাপতি মাহবুব আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
আপনার মতামত লিখুন :