ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত দুর্গাপুর থানার শাকের আহমেদ

নিজস্ব প্রতিবেদক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ০৩:৫৫ পিএম

জামাল উদ্দিন খান : ময়মনসিংহ রেঞ্জের আওতাধীন ৩৬টি থানার মধ্যে মে মাসের সার্বিক কর্মমূল্যায়নে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন নেত্রকোনার দুর্গাপুর থানার ওসি শাকের আহমেদ। মঙ্গলবার (১৭ জুন) ময়মনসিংহ রেঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি আতাউল কিবরিয়ার হাত থেকে তিনি শ্রেষ্ঠত্বের পুরস্কার ও প্রত্যয়নপত্র গ্রহণ করেন। এ সময় নেত্রকোনার পুলিশ সুপারসহ রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, মাদকবিরোধী অভিযান পরিচালনা, চোরাচালান প্রতিরোধ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং এজাহারভুক্ত আসামি গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ওসি শাকের আহমেদ এ স্বীকৃতি অর্জন করেছেন। এছাড়া তার নেতৃত্বে দুর্গাপুর থানা এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হওয়ায় দুর্গাপুর উপজেলার রাজনৈতিক ব্যক্তিত্ব, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাধারণ মানুষের মধ্যে আনন্দের সঞ্চার হয়েছে। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি পেশাদারিত্ব, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আইন-শৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।

উল্লেখ্য, এর আগেও জামালপুর ও ময়মনসিংহ জেলায় দায়িত্ব পালনকালে একাধিকবার রেঞ্জের শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছিলেন শাকের আহমেদ। তাঁর ধারাবাহিক সাফল্য ও কর্মদক্ষতা পুলিশ বাহিনীতে প্রশংসিত হয়েছে।

Advertisement

Link copied!