বিমানবন্দরে সশস্ত্র হামলা, নিহত অন্তত ৩৫

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১৯ জুন, ২০২৬, ১০:৪৮ এএম

ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দর। ছবি: সংগৃহীত

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের রাজধানী নিয়ামে অবস্থিত ডিওরি হামানি আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ সশস্ত্র হামলায় অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের মধ্যে ১১ জন সেনাসদস্য, ২ জন বেসামরিক নাগরিক এবং ২২ জন হামলাকারী রয়েছেন।

স্থানীয় সূত্র ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, শুক্রবার ভোরে ফজরের নামাজের পরপরই বিমানবন্দর এলাকায় একের পর এক বিস্ফোরণ ও ভারী গোলাগুলির শব্দে পুরো এলাকা কেঁপে ওঠে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই বিমানবন্দরের ভেতরে একটি সামরিক ঘাঁটি থাকায় সেটিকেই মূল লক্ষ্য করে হামলা চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।

ঘটনাস্থলের কাছাকাছি বসবাসকারী এক বাসিন্দা জানান, নামাজ শেষে তারা ঘরে ফিরেছিলেন। কিছুক্ষণের মধ্যেই বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপরই শুরু হয় ব্যাপক গোলাগুলি, যা পুরো এলাকাকে আতঙ্কিত করে তোলে।

হামলার কয়েক ঘণ্টার মধ্যেই আল-কায়েদা-সংশ্লিষ্ট সংগঠন জামাত নুসরাত আল ইসলাম ওয়াল মুসলিমিন এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয়। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, সকাল নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং বর্তমানে বিমানবন্দর ও আশপাশ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পলাতক হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

 

উল্লেখ্য, নাইজার দীর্ঘদিন ধরে উগ্রপন্থী সহিংসতার বিরুদ্ধে লড়াই করছে। এর আগেও চলতি বছরের জানুয়ারিতে একই বিমানবন্দরে বড় ধরনের হামলার ঘটনা ঘটেছিল, যার দায় স্বীকার করেছিল ইসলামিক স্টেট সংশ্লিষ্ট একটি সংগঠন।

Advertisement

Link copied!