যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের কানসাস সিটিতে ধারাবাহিক গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত এবং অন্তত চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থকদের বহনকারী এক উবার চালকও রয়েছেন।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যা ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে শহরের প্রায় পাঁচ মাইল জুড়ে পাঁচটি পৃথক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর মধ্যে তিনটি হামলা হয় ইন্টারস্টেট-৭০ ও ইন্টারস্টেট-৬৭০ মহাসড়কে। বাকি দুটি ঘটনা ঘটে ট্রুম্যান রোডে। ঘটনাস্থলগুলো অ্যারোহেড স্টেডিয়াম থেকে প্রায় চার মাইল দূরে, যেখানে আর্জেন্টিনা ও আলজেরিয়ার ম্যাচ অনুষ্ঠিত হচ্ছিল।
আর্জেন্টিনার গণমাধ্যম লা নাসিওনের বরাতে জানা যায়, দুই সমর্থক উবারে করে স্টেডিয়ামের দিকে যাচ্ছিলেন। পথে একটি গাড়ি তাদের পাশ কাটিয়ে গিয়ে হঠাৎ দুটি গুলি ছোড়ে। এতে উবার চালকের পায়ে গুলি লাগে। শুরুতে তারা বিষয়টি টায়ার বিস্ফোরণ ভেবেছিলেন, পরে চালক আহত অবস্থায় দেখা গেলে ঘটনাটি স্পষ্ট হয়।
ঘটনার পর পুলিশ তাদের থানায় নিয়ে জবানবন্দি নেয় এবং পরে নিরাপত্তা দিয়ে স্টেডিয়ামে পৌঁছে দেয়। আহত উবার চালকের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানানো হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে হামলার সময় সব গাড়ি পূর্বমুখী ছিল। ট্রুম্যান রোডে ঘটে যাওয়া আরেক ঘটনায় একটি গাড়ি খুঁটিতে ধাক্কা খায়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকেরা চালকের শরীরে গুলির আঘাত শনাক্ত করেন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এ ঘটনায় তিনজন প্রাপ্তবয়স্ক ও এক কিশোর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
তদন্তকারীরা ধারণা করছেন, অল্প সময়ের ব্যবধানে সংঘটিত এসব হামলার পেছনে একই ব্যক্তি জড়িত। সন্দেহভাজন ২২ বছর বয়সী এক যুবককে সশস্ত্র ও বিপজ্জনক হিসেবে ঘোষণা করে খোঁজা হচ্ছে। পরে ইনডিপেনডেন্স এলাকার একটি বাড়িতে অভিযান চালালেও তাকে পাওয়া যায়নি।
পুলিশ আরও জানিয়েছে, ১১ জুনের একটি অবৈধ অস্ত্র ব্যবহারের মামলাতেও ওই ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
আপনার মতামত লিখুন :