ইসরায়েল ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে নতুন যুদ্ধবিরতি স্থানীয় সময় বিকেল ৪টা থেকে কার্যকর হওয়ার কথা থাকলেও, তার পরপরই লেবাননের বিভিন্ন এলাকায় অন্তত ১২টি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।
শুক্রবার (১৯ জুন) প্রকাশিত এক প্রতিবেদনে আল জাজিরা জানায়, নাবাতিয়েহ, জাবাল আল-রাফি, আল-রাইহান, আদশিত এবং মাসির হাব্বুশসহ একাধিক এলাকায় ধারাবাহিকভাবে বিমান হামলা চালানো হয়েছে। একই সঙ্গে কয়েকটি স্থানে গোলাবর্ষণের ঘটনাও ঘটেছে।
স্থানীয় সময় বিকেল ৪টা ৪৮ মিনিটের পর নাবাতিয়েহ ও আশপাশের এলাকায় গোলাবর্ষণ অব্যাহত থাকার খবর পাওয়া যায়। যুদ্ধবিরতি কার্যকরের অল্প সময়ের মধ্যেই এসব হামলার ঘটনায় সমঝোতার কার্যকারিতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, যুদ্ধবিরতির পরও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। বরং অতীতের মতোই যুদ্ধবিরতি ঘোষণার পর নতুন করে সামরিক তৎপরতা শুরু হয়েছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, দক্ষিণ লেবাননে যেকোনো ধরনের হুমকির জবাব দিতে এবং হিজবুল্লাহর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তাদের বাহিনী ‘অভিযান পরিচালনার স্বাধীনতা’ বজায় রাখবে।
এ পরিস্থিতিতে যুদ্ধবিরতি কতটা কার্যকর হবে, তা নিয়ে স্থানীয় জনগণের মধ্যে গভীর সংশয় ও উদ্বেগ তৈরি হয়েছে।
আপনার মতামত লিখুন :