রাজধানীর মোহাম্মদপুর এলাকাকে সম্পূর্ণভাবে অপরাধমুক্ত করার ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। সরকার এই এলাকাকে পূর্ণ নিয়ন্ত্রণে এনে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে এবং অপরাধ নির্মূলে সর্বাত্মক অভিযান পরিচালনা করবে।
শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, আগের যেকোনো সরকারের তুলনায় বর্তমান সরকার দ্রুতগতিতে কাজ করছে এবং সেই অগ্রগতি ইতোমধ্যে জনগণের নজরে এসেছে। তিনি বলেন, মানুষের মধ্যে একসময় ধারণা তৈরি হয়েছিল যে পুলিশ বাহিনী নিষ্ক্রিয় হয়ে পড়েছে। তবে বর্তমানে বাহিনীটি পুনরায় কার্যকর ভূমিকা পালন করছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে।
সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদের গ্রেপ্তার প্রসঙ্গে তিনি জানান, ইন্টারপোলের সহযোগিতায় নেওয়া উদ্যোগের ফলেই তাকে দুবাইয়ে আটক করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসহ প্রয়োজনীয় নথিপত্র সংশ্লিষ্ট দেশে পাঠানো হয়েছে। দ্রুত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ সদস্যরা বাড়তি দায়িত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করছেন। তাদের এই প্রশংসনীয় অবদানের স্বীকৃতি হিসেবেই পুরস্কার প্রদান করা হচ্ছে।
আওয়ামী লীগ প্রসঙ্গে তিনি বলেন, সরকার দলটিকে রাজনৈতিক সংগঠন হিসেবে নয়, বরং একটি ‘মাফিয়া গোষ্ঠী’ হিসেবে বিবেচনা করে। তিনি উল্লেখ করেন, দলটির কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। আগামী ২৩ জুন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সম্ভাব্য যেকোনো কর্মসূচি বা তৎপরতার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
আপনার মতামত লিখুন :