বেনজীরকে ফেরাতে আমিরাতে পাঠানো হয়েছে সব নথি, দ্রুত প্রত্যর্পণের আশা স্বরাষ্ট্রমন্ত্রীর

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ০১:২৮ পিএম

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় মামলার নথিপত্র ও প্রত্যর্পণ আবেদন সংযুক্ত আরব আমিরাতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি আশা প্রকাশ করেন, দেশটির সরকার প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুতই তাকে বাংলাদেশে ফেরত পাঠাবে।

শনিবার (২০ জুন) সচিবালয়ে আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখা পুলিশ সদস্যদের পুরস্কার প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইন্টারপোলের মাধ্যমে নেওয়া উদ্যোগের ফলেই দুবাইয়ে বেনজীর আহমেদকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। তার বিরুদ্ধে দায়ের হওয়া মামলাসহ প্রয়োজনীয় সব নথি ইতোমধ্যে সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।

তিনি বলেন, “আমরা আশা করছি, সংশ্লিষ্ট দেশের সরকার দ্রুত প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশে প্রত্যর্পণ করবে।”

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী বলেন, রাজধানীর মোহাম্মদপুর দীর্ঘদিন ধরেই অপরাধীদের নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত। তবে সরকার এ এলাকায় অপরাধ দমনে কঠোর অবস্থানে রয়েছে এবং অপরাধী চক্রকে নির্মূলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

বর্তমান সরকারের কার্যক্রমের প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, আগের যেকোনো সময়ের তুলনায় সরকার দ্রুতগতিতে কাজ করছে এবং এর ইতিবাচক প্রভাব ইতোমধ্যে দৃশ্যমান হয়েছে।

পুলিশ বাহিনীর কার্যক্রম সম্পর্কে তিনি বলেন, একসময় মানুষের মধ্যে পুলিশকে ঘিরে নিষ্ক্রিয়তার ধারণা তৈরি হয়েছিল। তবে বর্তমানে বাহিনীটি আবারও সক্রিয় ভূমিকা পালন করছে। নির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর পুলিশ সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করছেন বলেই তাদের প্রশংসনীয় কাজের স্বীকৃতি হিসেবে পুরস্কৃত করা হচ্ছে।

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে নিষিদ্ধ রয়েছে। আগামী ২৩ জুন দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কোনো ধরনের কর্মসূচি বা তৎপরতা সম্পর্কে সতর্ক নজরদারি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

Link copied!